৮ জনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা

ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে গ্রেপ্তার আটজনকে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। আজ রোববার তাঁদের সবাইকে ফেনীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হবে।
ফেনীর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার জানান, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যদের হাতে গ্রেপ্তার হওয়া আটজনকে গতকাল শনিবার রাত ১১টায় ফেনী থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের ঢাকা থেকে আনার জন্য মামলার তদন্ত কর্মকর্তা ফেনী থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আবুল কালাম আজাদ ঢাকা যান। গ্রেপ্তার আটজনকে ফেনী থানা হাজতে রাখা হয়েছে।
এ ছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ফেনী পুলিশ যে চারজনকে গ্রেপ্তার করেছে, তাঁদেরও আজ রিমান্ড শুনানি হওয়ার কথা রয়েছে।
ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান জানান, বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান সমিতির একটি প্রতিনিধিদল আজ রোববার ফেনী আসছে। প্রতিনিধিদলের সদস্যরা বেলা দুইটায় ফুলগাজীতে চেয়ারম্যান একরামের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন। বিকেল চারটায় জেলা এলজিইডি মিলনায়তনে সংবাদ সম্মেলন করবেন তাঁরা।