৮ জানুয়ারি খুলছে ইসলামী বিশ্ববিদ্যালয়
অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আগামী ৮ জানুয়ারি থেকে শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩০ নভেম্বর বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহতের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র তৌহিদুর রহমান নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর ও বাসে অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দিন থেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এদিকে বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত বাস পোড়ানোর ঘটনায় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ক্ষতিপূরণ দাবি করে। এ ঘটনায় বাস মালিক সমিতির প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন প্রতিনিধির সমন্বয়ে একটি ক্ষতিপূরণ নিরূপণ কমিটি গঠিত হয়। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কমিটির এক বৈঠক হয়। বৈঠক শেষে ৭ জানুয়ারি সব আবাসিক হল এবং ৮ জানুয়ারি ক্যাম্পাসের সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক মামুনুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে গতকাল উভয় জেলার বাস মালিক সমিতির একটি বৈঠক হয়েছে। বৈঠকে ক্ষতিপূরণের ব্যাপারে সমঝোতা হয়েছে।