শেষ হলো পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। টঙ্গীর তুরাগ নদের তীরে গতকাল মঙ্গলবার মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় এই ইজতেমা। গত শুক্রবার বাদ ফজর বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছিল জোড় ইজতেমা। আগামী ৮ জানুয়ারি শুরু হচ্ছে দুই পর্বের বিশ্ব ইজতেমা।
ইজতেমার মুরব্বি মো. গিয়াস উদ্দিন প্রথম আলোকে জানান, গতকাল দুপুর ১২টায় মোনাজাত শুরু হয়। প্রায় ১৫ মিনিট চলে মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন ভারতের মাওলানা মো. ইব্রাহীম। বিশ্ব ইজতেমাকে সুন্দর ও সফল করার লক্ষ্যে প্রতিবছর তা শুরুর ৪০ দিন আগে পাঁচ দিনের জোড় ইজতেমার আয়োজন করা হয়। এবারও দুই দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তিন দিন করে বিশ্ব ইজতেমার প্রথম দফা ৮ জানুয়ারি ও দ্বিতীয় দফা ১৫ জানুয়ারি শুরু হবে। প্রতি দফার শেষ দিন অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত।
বিশ্ব ইজতেমার প্রস্তুতিমূলক ওই জোড় ইজতেমায় দেশ-বিদেশের লাখো মুসল্লি অংশ নেন। এতে কালেমা, নামাজ, ইমান, আমল, জান্নাত, জাহান্নাম, তাবলিগের উদ্দেশ্য ও মেহনত সম্পর্কে দেশ-বিদেশের মুরব্বিরা বিস্তারিত বয়ান করেন। বিভিন্ন মেয়াদের চিল্লাধারী মুসল্লিরা এই জোড় ইজতেমায় অংশ নেন এবং ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েন।
মো. গিয়াস উদ্দিন আরও জানান, জোড় ইজতেমা শেষ হওয়ার পরপরই বিশ্ব ইজতেমার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন পর্যন্ত স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এর কাজ চলতে থাকবে।