৮ জেলায় নিহত আরও ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তিনজন, যশোরের কেশবপুরে দুজন, বগুড়ায় দুজন, ফেনীর ছাগলনাইয়ায় একজন, গাজীপুরে একজনসহ মোট নয়জন নিহত হয়েছেন। এর আগে শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ড ও পাবনার ঈশ্বরদীর নওদাপাড়ায় একজন করে দুজন এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক কলেজছাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এ নিয়ে গত ২৪ দিনে বিভিন্ন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অন্তত ২৪৫ জন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে ঢাকার বাইরে থেকে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ‘চুয়াডাঙ্গা ডিলাক্স’ পরিবহনের একটি বাসের ধাক্কায় ভটভটির চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। উপজেলার বন্ডবিল কবরস্থান এলাকায় গতকাল সকালে এ দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ভটভটির চালক ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের মনিরুল ইসলাম (২৮), যাত্রী হারদী ইউনিয়নের দাসপাড়ার মো. জসিম উদ্দীন (৩৪) ও পারদুর্গাপুরের রিয়ন হোসেন (১৮)। জসিম আলমডাঙ্গা শহরের একটি ক্যারম বোর্ড কারখানার মিস্ত্রি এবং রিয়ন আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রার কার্যালয় এলাকায় একটি স্টুডিও চালাতেন।
যশোরের কেশবপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বিকেল চারটার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের তেইশ মাইল নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলের আরোহী আবুল হাসান শেখ (৩০) ঘটনাস্থলেই এবং চালক সাদ্দাম গাজীকে গুরুতর আহত অবস্থায় খুলনায় নেওয়ার পথে মারা যান। দুজনেরই বাড়ি ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামে। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়েছেন।
বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় যাত্রীবাহী দূরপাল্লার কোচের চাপায় আবদুল হান্নান (৪৫) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বেলা তিনটার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল হান্নান উপজেলার সাজাপুর-কালাইহাটা গ্রামের বাসিন্দা।
একই জেলার নন্দীগ্রাম উপজেলার রুপিহার নামক স্থানে দুপুরে কাভার্ড ভ্যানচাপায় ঘটনাস্থলেই আফছার আলী (২৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। তিনি চালকলের শ্রমিক ছিলেন। কুন্দারহাট হাইওয়ে ফাঁড়ির পুলিশ জানিয়েছে, কাভার্ড ভ্যানটির সহকারী ও চালক পালিয়েছেন।
গাজীপুরের কালীগঞ্জের শিমুলিয়ায় দুপুরে সড়ক দুর্ঘটনায় একটি ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। তাঁর নাম আনোয়ারুল ইসলাম (২৮)। নীলফামারীর বাবরীঝাড় এলাকার আমিনুল ইসলামের ছেলে আনোয়ারুল জেবিএল নামের একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন।
ফেনীতে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় মো. কাউছার পাটোয়ারী ওরফে রুবেল (৩৩) নামের মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন। তিনি ছাগলনাইয়া উপজেলার মাটিয়াগোদা গ্রামের এনামুল হক পাটোয়ারীর ছেলে। দুপুরে রানীরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এর আগে শনিবার রাত ১০টার দিকে পাবনার ঈশ্বরদীর নওদাপাড়ায় একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী ভটভটির মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও সাতজন আহত হয়েছেন। হতাহতদের সবাই ঈশ্বরদী ইপিজেডের শ্রমিক। নিহত শ্রমিকের নাম রুমা খাতুন (৩৫)। তিনি দাশুড়িয়া বাজারের সাজু প্রামাণিকের মেয়ে।
একই রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন। তাঁর নাম আবদুর রহিম (৩২)। উপজেলার মাদাম বিবিরহাট বন বিভাগের চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। চালক ও সহকারী পালিয়ে গেছেন।
এদিকে, সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীখোলা মোড় এলাকায় গত শুক্রবার সকালে ট্রাকচাপায় আহত কলেজছাত্র নিতাই কুমার ভৌমিক (২৩) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শনিবার সন্ধ্যায় মারা গেছেন। তিনি উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অনার্স হিসাববিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।