৮ তারিখে দেওয়া হলো একুশে ফেব্রুয়ারির ফুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক, পৌর চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা ফুল দিচ্ছে—এমন একটি ভিডিও চিত্র (ডামি) গত ৮ ফেব্রুয়ারি ধারণ করা হয়েছে। মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনার প্রাঙ্গণে এ চিত্র ধারণ করা হয়। এ সময় শহর ও আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের জড়ো করা হয় সেখানে। ক্লাস বন্ধ করে রোদের মধ্যে সেখানে শিক্ষার্থীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড় করিয়ে রাখায় বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেক অভিভাবক।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, একুশে ফেব্রুয়ারি বেলা ১১টায় বাংলাদেশ টেলিভিশনে ‘বাংলার পৌরকথা’ নামে একটি অনুষ্ঠান প্রচার করা হবে। ওই অনুষ্ঠানের ভিডিও চিত্র ধারণের জন্য পৌর মেয়র রমজান আলী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে যোগাযোগ করে শিক্ষার্থীদের মানিকগঞ্জ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করতে বলেন। তাঁর কথামতো গত ৮ ফেব্রুয়ারি বেগম জরিনা ডিগ্রি কলেজ, দোয়াত আলী দাখিল মাদ্রাসা, মানিকগঞ্জ শিশু মঞ্জুরি স্কুল, মানিকগঞ্জ ৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রমজান আলী কলেজ, আফরোজা রমজান বালিকা উচ্চবিদ্যালয়, নবারুণ শিশু শিক্ষাপ্রতিষ্ঠান, জয়রা উচ্চবিদ্যালয়ের ছয় শতাধিক শিক্ষার্থীসহ ওই সব প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকেরা সেখানে উপস্থিত হন। এরপর সকাল সাড়ে নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রোদের মধ্যে শিক্ষার্থীদের লাইনে দাঁড় করিয়ে রাখা হয়। বেলা পৌনে ১২টায় সেখানে উপস্থিত হন স্থানীয় সাংসদ জাহিদ মালেক ও মানিকগঞ্জের জেলা প্রশাসক জি এম সালেহ উদ্দিন। পৌর মেয়র রমজান আলী আগে থেকেই সেখানে উপস্থিত ছিলেন। পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাও কর্মস্থল রেখে সেখানে অংশ নেন। দুপুর ১২টার দিকে সাংসদ ও জেলা প্রশাসকের উপস্থিতিতে সাংসদ, জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে শহীদ মিনারের বেদিতে ফুল দেওয়া হয়। এ সময় বাংলাদেশ টেলিভিশনের কোনো ক্যামেরা না থাকলেও স্থানীয়ভাবে এসব দৃশ্য ধারণ করা হয়।এসব দৃশ্য একুশে ফেব্রুয়ারি ধারণ করা বলে বিটিভির ওই অনুষ্ঠানে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে। শহরতলির নয়াকান্দি এলাকায় দোয়াত আলী দাখিল মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামান তাঁর প্রতিষ্ঠানের প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে সকাল ১০টায় সেখানে উপস্থিত হন। তিনি জানান, পৌর মেয়র রমজান আলীর নির্দেশে ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের নিয়ে তিনি সেখানে উপস্থিত হয়েছেন।৮৮ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মতিউর রহমান বলেন, পৌর মেয়র রমজান আলীর নির্দেশেই তিনি তাঁর প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন। মানিকগঞ্জ শিশু মঞ্জুরি স্কুলের প্রথম শ্রেণীর এক শিক্ষার্থীর মা প্রতিমা সরকার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ক্লাস বন্ধ করে রোদের মধ্যে শিশুদের দাঁড় করিয়ে রাখা অত্যন্ত অমানবিক।এ প্রসঙ্গে জানতে চাইলে পৌর মেয়র রমজান আলী বলেন, ‘সারা দেশের মানুষ অনুষ্ঠানটি দেখবে। তাই একটু কষ্ট তো করতেই হবে।’মানিকগঞ্জের জেলা প্রশাসক জি এম সালেহ্ উদ্দিন বলেন, একুশে ফেব্রুয়ারি ১১টার দিকে বাংলাদেশ টেলিভিশনে ‘বাংলার পৌরকথা’ নামে একটি অনুষ্ঠান প্রচারিত হবে। সোমবার তারই ডামি চিত্র ধারণ করা হয়। স্কুল বন্ধ দিয়ে শিক্ষার্থীদের ওই অনুষ্ঠানে উপস্থিত করা এবং রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা তাদের দাঁড় করিয়ে রাখা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কর্তৃপক্ষই তাদের শিক্ষার্থীদের নিয়ে আসে। এ জন্য কাউকে চাপ প্রয়োগ করা হয়নি।