৮ দফা দাবি কেব্ল ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর অফিসার্স ক্লাবে কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। ছবি: হাসান রাজা
রাজধানীর অফিসার্স ক্লাবে কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। ছবি: হাসান রাজা

কমিউনিটি কেব্‌ল চ্যানেলের অনুমতি, কোয়াবের নির্বাচনসহ সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেছেন কেব্‌ল ব্যবসায়ীরা। রাজধানীতে কেব্‌ল অপারেটরদের সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশজুড়ে গড়ে ওঠা কেব্‌ল-সেবাকে শিল্প ঘোষণারও দাবি জানান তাঁরা।

গতকাল শনিবার রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত সম্মেলনের শুরুতে বক্তারা এ খাতটির নানা সমস্যার কথা তুলে ধরেন। সম্মেলনে কেব্‌লমুক্ত ডিটিএইচ প্রযুক্তি চালুর বিরোধিতা করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোয়াবের সাবেক মহাপরিচালক নিজাম উদ্দিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক এ বি এম সোহেল প্রমুখ।
লিখিত বক্তব্যে নতুন বছরে দেশের সব কেব্‌ল টিভির মাসিক পরিষেবা ফি পুনর্নির্ধারণ, কেব্‌ল টিভিকে শিল্প খাত হিসেবে ঘোষণা, ডিটিএইচ লাইসেন্স প্রদান বন্ধ, বিটিআরসি এবং বিপিডিসিকে উদ্যোগ নিয়ে এনটিটিএন নেটওয়ার্কগুলোর সেবার মান ও মাসিক ভাড়ার সমন্বয় সাধন এবং কোয়াব নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ কেব্‌ল টিভি লাইসেন্স অথরিটির দেশের কোথাও কোনো নতুন কেব্‌ল অপারেটর ও ফিড অপারেটর লাইসেন্স প্রদান বন্ধ করার দাবি জানানো হয়েছে।
বাংলাদেশে কেব্‌ল টিভি খাতকে শিল্প খাত বিবেচনা না করায় দুঃখ প্রকাশ করে সংবাদ সম্মেলনে বলা হয়, সারা দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ থেকে ছয় লাখ লোক কেব্‌ল টিভি নেটওয়ার্কের সঙ্গে জড়িত।
বাংলাদেশ কেব্‌ল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপের দাবি করে সংবাদ সম্মেলনে বলা হয়, মুষ্টিমেয় কিছু অপারেটরের অসহযোগিতার কারণে নির্বাচন হচ্ছে না। বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়োজিত প্রশাসকদের উদাসীনতার কারণে গত তিন বছরে নির্বাচন করা সম্ভব হয়নি। অচিরেই সব সমস্যা সমাধান করে নির্বাচন না দিলে এ খাতটি টিকিয়ে রাখা সম্ভব হবে না।