৮ দফা দাবি না মানলে বৃহত্তর আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ ৮ দফা দাবিতে মানববন্ধন করেছেন। এতে অংশ নেন আট গ্রামের বাসিন্দা কয়েক হাজার নারী-পুরুষ। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন তাঁরা।
জীবন, পরিবেশ ও সম্পদ রক্ষা কমিটির ডাকে গতকাল সোমবার বেলা ১১টার দিকে বড়পুকুরিয়া বাজার সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।
মানববন্ধনে বক্তব্য দেন, সম্পদ রক্ষা কমিটির আহ্বায়ক এম মশিউর রহমান, সদস্যসচিব সাইফুল ইসলাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদিকুল ইসলাম ও স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন, সোলায়মান সামি, বেলাল হোসেন, রবিউল ইসলাম, আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, এ খনি থেকে কয়লা উত্তোলনের ফলে পার্শ্ববর্তী এলাকায় সমতল কৃষিজমি দেবে জলাশয় সৃষ্টি হয়েছে। সরকার দেবে যাওয়া জমি অধিগ্রহণ করলেও এখন এর বাইরে বাঁশপুকুর, কাজিপাড়া, বৈদ্যনাথপুর (আংশিক), শিবকৃষ্ণপুর, পাতরাপাড়া, পাতিগ্রাম (আংশিক), বৈগ্রাম, কাশিয়াডাঙ্গা গ্রামে বাড়িঘরে ফাটল ধরেছে। পানি উঠছে না টিউবওয়েল থেকে। ফাটল ধরেছে শিক্ষাপ্রতিষ্ঠানে। ঝুঁকি নিয়েই ক্লাস করছে শিক্ষার্থীরা। দেবে যাওয়া রাস্তাঘাট দিয়ে বর্ষাকালে চলাচল করা যায় না।
বক্তারা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সঙ্গে খনি কর্তৃপক্ষের চুক্তি অনুযায়ী বেকারদের খনিতে চাকরি দেওয়ার কথা। কিন্তু বহিরাগত ব্যক্তিদের চাকরি দেওয়া হচ্ছে। অধিগ্রহণ করা জায়গা থেকে ৪০০ পরিবারকে উচ্ছেদ করে আবাসন প্রকল্প গড়ে তোলা হলেও সেখানে মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, ঈদগাহ, এমনকি কবরস্থান নেই। মানববন্ধনে অবিলম্বে এসব সমস্যার সুরাহাসহ ৮ দফা দাবি মেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান তাঁরা।