সিলেটের তারাপুর চা-বাগান দখল করে সরকারের হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলীসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের তারিখ আগামী ৮ নভেম্বর ধার্য করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার সিলেটের মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুজ্জামানের আদালতে এ মামলার শুনানি শেষে অভিযোগ গঠনের তারিখ ধার্য করা হয়।
একই আদালত ভারতে পালিয়ে যাওয়া রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতির মামলায় সাক্ষ্য দিতে না আসায় বাদীকে আদালতে তলব (সমন জারি) করেছেন। এই বাদী সিলেটের তৎকালীন সহকারী কমিশনার ও বর্তমানে উপসচিব এস এম আবদুল কাদের। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী তারিখে তাঁকে আদালতে হাজির হতে হবে।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পরিদর্শক দেওয়ান আবুল হোসেন। এর আগে ১৩ অক্টোবর এ মামলায় প্রথম দফায় সিলেটের সাবেক জেলা প্রশাসকসহ পাঁচজন সাক্ষ্য দেন। ওই দিন মামলার বাদী এস এম আবদুল কাদেরকে আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিতে বলা হয়েছিল। এর আগে অবশ্য তিনি ৩ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তার মাধ্যমে আদালতকে লিখিতভাবে জানিয়েছিলেন পরে সাক্ষ্য দেবেন। কিন্তু গতকাল সাক্ষ্য গ্রহণের দ্বিতীয় পর্যায়ে সাক্ষ্য দিতে আদালতে হাজির হননি তিনি।
আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, এই মামলায় মোট সাক্ষী ১৪ জন। গতকাল পর্যন্ত ছয়জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের চিঠি জালিয়াতি করে দেবোত্তর সম্পত্তি তারাপুর চা-বাগান বন্দোবস্ত নেন রাগীব আলী ও তাঁর ছেলে আবদুল হাই। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর সিলেটের তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাদের বাদী হয়ে রাগীব আলী ও আবদুল হাইকে আসামি করে মামলা করেন। পুলিশ তদন্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে মামলা নিষ্পত্তি করে। গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ তারাপুর চা-বাগান পুনরুদ্ধারের রায় দেন। এ রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে এ মামলাটি পুনরায় তদন্ত করার বিষয়টিও রয়েছে।
উচ্চ আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সিলেট মহানগর বিচারিক হাকিম আদালত এক আদেশে পিবিআইকে পুনরায় মামলাটি তদন্ত করার নির্দেশ দেন। ১০ জুলাই রাগীব আলী ও তাঁর ছেলেকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পিবিআই। ১০ আগস্ট দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ওই দিনই তাঁরা পালিয়ে ভারতে যান। এ অবস্থায় দুই আসামির অনুপস্থিতিতে ১৯ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
এদিকে সিলেটের তৎকালীন সহকারী ভূমি কমিশনার এস এম আবদুল কাদের বাদী হয়ে অর্থ আত্মসাতের কারণে রাগীব আলী, তাঁর ছেলে আবদুল হাই, মেয়ে রোজিনা কাদির ও জামাতা আবদুল কাদিরসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ১০ অক্টোবর রাগীব আলীর আত্মীয় ও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির সেবায়েত সাজা দেওয়ান মোস্তাক মজিদ আদালতে আত্মসমর্পণ করেন। গতকাল মোস্তাক মজিদকে আদালতে হাজির করা হলে তাঁর পক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে অভিযোগ গঠনের তারিখ ধার্য করেন। এ মামলার অপর আসামি তারাপুর চা-বাগানের দেবোত্তর সম্পত্তির বৈধ সেবায়েত পংকজ কুমার গুপ্ত জামিনে রয়েছেন।