৮ নয় ৭ এপ্রিল থেকেই প্রচারণা : ইসি সচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলাম বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে থেকেই অর্থাৎ আগামী ৭ এপ্রিল থেকে প্রার্থীরা প্রচারণা চালাতে পারবেন। আজ সোমবার রাতে টেলিফোনে তিনি প্রথম আলোকে এ কথা জানান।
দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় মো. সিরাজুল ইসলাম বলেন, ৮ এপ্রিল থেকে প্রচারণা চালানো যাবে। তবে রাতে তিনি প্রথম আলোকে বলেন, ‘আচরণবিধি অনুযায়ী ৭ এপ্রিল থেকেই প্রচারণা চালানোর কথা। কথা বলার সময় ৮ এপ্রিলের বিষয়টি চলে এসেছে। আসলে আচরণবিধিতে যা আছে তাই ঠিক থাকবে।’

দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের মো. সিরাজুল ইসলাম বলেন, আগামী ১০ এপ্রিল প্রতীক বরাদ্দ হবে।
আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণ। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, ভোট গ্রহণের জন্য নির্ধারিত তারিখের পূর্ববর্তী ২১ দিন আগে অর্থাৎ ৭ এপ্রিলের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। গত রোববার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতেও ৭ এপ্রিলের কথা উল্লেখ করা হয়েছে।
আচরণ বিধি লঙ্ঘনের পর সব প্রার্থীর বেলায় সমান ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না দুপুরে ইসি কার্যালয়ে এ ধরনের প্রশ্নের উত্তরে সচিব বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একজন ঘোড়ার গাড়ি নিয়ে যান। সেই প্রার্থীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উত্তর দক্ষিণ যেখানেই প্রার্থী আচরণ বিধি লঙ্ঘন করবেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রত্যেক সিটি করপোরেশনে মোবাইল কোর্ট কাজ করছে। উৎসবমুখর পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার জন্য তিনি প্রার্থীদের আচরণ বিধি মেনে চলার জন্য আহ্বান জানান।