৮ প্রতিষ্ঠানের ১৩ জনকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল-মার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির নন-ফান্ডেড অংশের অনুসন্ধানে আটটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ১৩ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পরিচালক ও এ-সংক্রান্ত অনুসন্ধান দলের প্রধান মীর জয়নুল আবেদিন শিবলী আজ সোমবার এ বিষয়ে নোটিশ পাঠান।

দুদকের সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেছে, সংশ্লিষ্টদের ঠিকানায় চিঠি পাঠিয়ে তাঁদের আগামী ১৪ ও ১৫ ফেব্রুয়ারি দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

১৪ ফেব্রুয়ারি দুদকে হাজির থাকতে বলা হয়েছে সাতজনকে। তাঁরা হলেন মাস টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ইন্ডাস্ট্রিজ ও কটন করপোরেশনের দুই ব্যবসায়িক অংশীদার মো. শহিদুল ইসলাম ও সাব্বির আহমেদ, একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মাহবুবুল হক ভূঁইয়া, সমতা টেক্সটাইল অ্যান্ড স্পিনিংয়ের ব্যবসায়িক অংশীদার মো. লুটের রহমান ও হেলাল উদ্দিন, একই প্রতিষ্ঠানের এমডি মো. সেলিম মোর্শেদ এবং তানিয়া এন্টারপ্রাইজের মালিক এ কে এম মারুফ রেজা।

১৫ ফেব্রুয়ারি হাজির থাকতে বলা হয়েছে‍‍ সাধাপুর টেক্সটাইল মিলসের মালিক রুহী দাস চক্রবর্তী ও একই প্রতিষ্ঠানের আমমোক্তার নারায়ণ দাস, মেসার্স গোমতী এন্টারপ্রাইজের মালিক এস এম জসীম উদ্দিন মাহমুদ, অপসোনিন টেক্সটাইলের মালিক গিয়াস উদ্দিন মুহাম্মদ, রোটর স্পিনিং মিলসের মালিক সাইফুল আলম খান এবং একে কটন ইয়ার্ন ট্রেডিং জোনের মালিক মো. আখতারুজ্জামান খানকে।

এর আগে সোস্যাল ইসলামী ব্যাংকের ১৬ জন ও জনতা ব্যাংকের ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

দুদক সূত্র জানায়, হল-মার্কসহ ছয়টি কোম্পানি সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ৩ হাজার ৫৬৯ কোটি টাকা আত্মসাৎ করে। এ কেলেঙ্কারি নিয়ে দুদক অনুসন্ধান শুরু করে ২০১২ সালে। এর মধ্যে স্বীকৃত বিলের বিপরীতে সোনালী ব্যাংকের পরিশোধ করা ফান্ডেড এক হাজার ৫৬৮ কোটি টাকা আত্মসাতের ঘটনা অনুসন্ধান শেষে ২০১২ সালের ৪ অক্টোবর হল-মার্ক গ্রুপের এমডি তানভীর মাহমুদ, তাঁর স্ত্রী ও গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম, সোনালী ব্যাংকের সাবেক এমডি হুমায়ূন কবির, সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ডিজিএম এ কে এম আজিজুর রহমানসহ ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করে দুদক। হল-মার্কের এমডি তানভীরসহ কয়েকজন আসামি বর্তমানে কারাগারে। এ কে এম আজিজুর রহমান মারা গেছেন। এসব মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্রও দেওয়া হয়। ৩৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাকি পাঁচ কোম্পানির বিরুদ্ধে মামলা করা হয়েছে ২৭টি।

কিন্তু ভুয়া কাগজপত্র তৈরি করে হল-মার্ককে মালামাল সরবরাহের নামে নন-ফান্ডেড দেড় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগের অনুসন্ধান প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে দীর্ঘ দুই বছর পর শুরু হয়।

হল-মার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রতিষ্ঠানটির (হল-মার্ক) নামে বিপুল পরিমাণ অর্থছাড়ের পাশাপাশি পণ্য সরবরাহের নামে কিছু বিলের বিপরীতে ৩৭টি বাণিজ্যিক ব্যাংক থেকেও অর্থ তুলে নেওয়া হয়। বিলগুলোর বিপরীতে সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখা থেকে ওই সব বাণিজ্যিক ব্যাংককে স্বীকৃতিপত্র দেওয়া হয়েছে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হল-মার্কের নামে যে পরিমাণ অর্থছাড় হয়েছে, সেটা ফান্ডেড। আর এ প্রক্রিয়ায় অন্য ব্যাংক সোনালী ব্যাংকের কাছে যা পাবে, তা নন-ফান্ডেড। সোনালী ব্যাংকের তদন্তে নন-ফান্ডেড অংশের দেড় হাজার কোটি টাকার বিপরীতে মোট ২ হাজার ১৮৬টি বিল জাল-জালিয়াতিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। ওই সব বিলের বিপরীতে ৩৭টি ব্যাংকের ১১০টি শাখা থেকে তুলে নেওয়া হয় সেই দেড় হাজার কোটি টাকা। তবে বিলের বিপরীতে অর্থছাড় করা হয়নি, যা সোনালী ব্যাংকের জন্য নন-ফান্ডেড।