৮ বছর পরে জাপানের পররাষ্ট্রমন্ত্রী কাল আসছেন
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা দুই দিনের সফরে কাল শুক্রবার রাতে ঢাকায় আসছেন। আগামী শনিবার সকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে তাঁর দপ্তরে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্যসাক্ষাত্ করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকায় জাপান দূতাবাস আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানের সময় ফুমিও কিশিদার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হতে পারে।
৫ জানুয়ারির নির্বাচনের পর এটাই কোনো দেশ থেকে বাংলাদেশে উচ্চ পর্যায়ের প্রথম সফর। তা ছাড়া ২০০৬ সালের পর ফুমিও কাশিদা হবেন ঢাকা সফরকারী জাপানের প্রথম পররাষ্ট্রমন্ত্রী। ২০০৬ সালের জুলাইতে জাপানের তত্কালীন পররাষ্ট্রমন্ত্রী তারো আসো ঢাকায় এসেছিলেন।
জানতে চাইলে টোকিওতে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফুমিও কিশিদার বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হবে। এ সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে। এ ছাড়া জাপানের পরিকল্পিত ৩৫তম আনুষ্ঠানিক উন্নয়ন সহযোগিতার (ওডিএ) আওতায় বাংলাদেশের জন্য বরাদ্দ সহায়তার ঘোষণা এ সফরের পর হতে পারে।
ঢাকা ও টোকিওতে কর্মরত বাংলাদেশের কূটনীতিকরা গত ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন। বিরোধী দল বিএনপিকে ছাড়া অনুষ্ঠিত ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী জাপান তাদের উদ্বেগ প্রকাশ করে। এ অবস্থান তুলে ধরে নির্বাচনের দুই দিন পর ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমা এক বিবৃতি দেন। ওই বিবৃতিতে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মাঝে সমঝোতা না হওয়ায় তিনি হতাশা ব্যক্ত করেন। পাশাপাশি ভোটারদের তাঁদের পছন্দ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দিতে রাজনৈতিক নেতাদের জোরালো প্রয়াস চালানোর ওপর গুরুত্ব দেন তিনি।
১৯৭২ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর থেকে বাংলাদেশের বৃহত্তম দ্বিপক্ষীয় উন্নয়ন অংশীদার হচ্ছে জাপান। গত বছর অনুদান ও সহায়তা মিলিয়ে বাংলাদেশকে ১১০০ কোটি ডলারের বেশি দিয়েছিল জাপান। এ ছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।
দুই দিনের সফর শেষে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদার রোববার সন্ধ্যায় মিয়ানমার যাওয়ার কথা রয়েছে।