ফেনীর পরশুরাম সরকারি কলেজে অধ্যক্ষ-উপাধ্যক্ষসহ শিক্ষকের পদ ২৩টি। কিন্তু এর মধ্যে অধ্যক্ষসহ শিক্ষকের ১৬টি পদই শূন্য। এ ছাড়া ইংরেজিসহ ৮টি বিষয়ের কোনো শিক্ষকই নেই। এতে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্র জানায়, ইংরেজি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, রসায়নবিদ্যা, প্রাণিবিদ্যা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ের কোনো শিক্ষক নেই। এ ছাড়া বাংলা বিষয়ে ১ জন সহকারী অধ্যাপক থাকলেও প্রভাষকের পদ শূন্য। ইতিহাস বিষয়ে আছেন ১ জন প্রভাষক। ওই বিষয়ে সহকারী অধ্যাপক পদে কেউ নেই। হিসাববিজ্ঞান বিষয়ের ২টি পদের ১টি শূন্য।
এদিকে তৃতীয় শ্রেণির ৩টি পদই শূন্য। আর চতুর্থ শ্রেণির ১০টি পদের মধ্যে ৫টি খালি। এ ছাড়া কলেজের গ্রন্থাগারিক, সহকারী গ্রন্থাগারিক, প্রদর্শক, কম্পিউটার অপারেটর ও ল্যাবরেটরি সহায়ক কর্মচারীর পদই সৃষ্টি করা হয়নি। এতে উপজেলা সদরে অবস্থিত কলেজটির শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
কলেজ সূত্র জানায়, শিক্ষক-সংকটের কারণে চলতি বছর একাদশ শ্রেণিতে বিজ্ঞান বিভাগে মাত্র ১৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। ২০১৫ সালে একাদশ বিজ্ঞান শ্রেণিতে ভর্তি হয় মাত্র ২ জন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাদশ শ্রেণির ২ জন শিক্ষার্থী বলল, তাদের অনেক বন্ধু প্রায় ২৫ কিলোমিটার দূরের ফেনী সরকারি কলেজসহ বিভিন্ন কলেজে ভর্তি হয়েছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থার কারণে তারা নিজ এলাকার এই কলেজে ভর্তি হতে বাধ্য হয়েছে। এখানে পড়াশোনা ঠিকমতো হচ্ছে না। কারণ, কলেজে শিক্ষক নেই। আর প্রাইভেট পড়ার জন্য এলাকায় ভালো শিক্ষকও নেই।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু কাওছার মোহাম্মদ হারেছ বলেন, কলেজে বর্তমানে ১ হাজার ৫০০ শিক্ষার্থী আছে। তিনি বলেন, কলেজের শিক্ষকস্বল্পতার বিষয়ে কিছুদিন আগেও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর চিঠি দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, তিনি নিজে প্রতিদিন ২টি করে ক্লাস নেন। তিনি কলেজের দাপ্তরিক কাজে ব্যস্ত থাকলে পাঠদানের জন্য শিক্ষক থাকেন মাত্র ৬ জন। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের পাঠদানের বিষয়টি বিবেচনা করে ইংরেজি বিষয়ের ১ জনসহ ৪ জন খণ্ডকালীন শিক্ষক (অতিথি শিক্ষক) নেওয়া হয়েছে। তা ছাড়া অফিসের কাজের জন্য দৈনিক ভিত্তিতে ১ জন কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হয়েছে।