৮ মাত্রার ভূমিকম্পে সিলেটের ৫২ হাজার ভবন ভেঙে পড়বে
সিলেটে রিখটার স্কেলে ৮ মাত্রার ভূমিকম্প হলে ৫২ হাজার ১৭৬টি ভবন ও ঘরবাড়ি একেবারেই ভেঙে পড়বে। আর এসব ভবনের ধ্বংসাবশেষ বা অবকাঠামো অপসারণ করতে প্রয়োজন পড়বে ৭ কোটি ৫৭ লাখ ২০ হাজার ট্রাক। বিপদ যখন আসবে, তখন প্রস্তুতি না নিয়ে বিপদের আগেই সম্ভাব্য প্রস্তুতি নিয়ে রাখলে দুর্যোগ-পরবর্তী উদ্ধার কার্যক্রম পরিচালনা সহজতর ও দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়।
গতকাল সোমবার সকালে সিলেট সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে ‘সিলেট নগরের জন্য ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পরিকল্পনা’ শীর্ষক এক কর্মশালায় আয়োজকদের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। সিলেট সিটি করপোরেশন, ডিপার্টমেন্ট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ইউএনডিপি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। এ সময় আয়োজকেরা জানান, সিলেটে সম্ভাব্য দুর্যোগের কথা বিবেচনায় এনে নগরের জন্য দুর্যোগ-পরবর্তী ধ্বংসাবশেষ ব্যবস্থাপনা পরিকল্পনা তৈরির একটি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন।