৮ মাসে ১৪ খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। গত আট মাসে চার নারীসহ ১৪টি খুন এবং লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ঘটনায় কিশোর অপরাধীরা জড়িত বলে প্রমাণ মিলেছে। বেড়েছে চুরি, ডাকাতি ও অপহরণের ঘটনাও। এ নিয়ে সাধারণ মানুষ উদ্বিগ্ন।
পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পটিয়া খুন ও লাশের উপজেলায় পরিণত হয়েছে। অপরাধীরা অস্ত্র হাতে প্রকাশ্যে েঘারাফেরা করছে। কিন্তু গ্রেপ্তার হচ্ছে না। তাদের অনেকের সঙ্গে কোনো কোনো পুলিশ কর্মকর্তার যোগসাজশ রয়েছে।’
পুলিশ সূত্র ও অনুসন্ধানে জানা গেছে, দক্ষিণ হুলাইন গ্রামের বাসিন্দা অষ্টম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলামকে গত ১৯ জানুয়ারি অপহরণ করে তার বন্ধুরা। নয় দিন পর হুলাইনের একটি খাল থেকে তার গলিত লাশ উদ্ধার করা হয়।
তার আগে ১০ জানুয়ারি খরনা হজরত শাহজাহান আউলিয়া (রহ.) এতিমখানা ও হেফজখানার সুপার মাওলানা আবদুল আজিজকে (৪৫) তাঁর ছাত্ররা খুন করে বলে পুলিশি তদন্তে বের হয়েছে। এ ছাড়া মোজাফফরাবাদে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল গফুর (৫০) ও মোহাম্মদ জাবেদ (১৭) নামের এক কিশোরকে হত্যার সঙ্গেও কিশোরেরা জড়িত বলে পুলিশ জানায়।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন প্রথম আলোকে বলেন, ‘তদন্ত করতে গিয়ে দেখা গেছে, একাধিক ঘটনায় কিশোরেরাই জড়িত। দেখা যাচ্ছে, ইদানীং পটিয়াতে কিশোরেরা অপরাধের সঙ্গে জড়িত হচ্ছে। অনেক ছেলেরা ইয়াবাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। এটা উদ্বেগের বিষয়।’
জানা গেছে, তিনজন খুন হয়েছেন চোর-ডাকাতের ছুরিকাঘাতে। একজন প্রতিপক্ষের হামলায় নিহত হন। এ ছাড়া বেড়েছে অপহরণের ঘটনাও। গত ৯ মার্চ জায়গাজমির বিরোধ নিয়ে পটিয়ার জিরি থেকে নুরুল ইসলাম নামের একজনকে অপহরণের পর হত্যা করা হয়। গত বছর ৬ সেপ্টেম্বর রাতে পটিয়ার খরনা এলাকার আবদুল আজিজকে অপহরণ করা হয়। ছয় দিন পর চন্দনাইশের ধোপাছড়ি পাহাড় থেকে পুলিশ আজিজকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।
নারী নির্যাতনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এপ্রিলে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। একই সময়ে দুই গৃহবধূ পারিবারিক নির্যাতনে খুন হয়েছেন। এ ছাড়া ২১ মার্চ পটিয়া পাঁচুরিয়া এলাকায় অজ্ঞাতনামা এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।
পটিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর বলেন, অধিকাংশ অপরাধীর দৃষ্টান্তমূলক শান্তি না হওয়ার কারণে অপরাধ তৎপরতা বেড়ে যাচ্ছে। অনেক সময় অপরাধীদের গ্রেপ্তার করা হলেও অনেকই রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় পেয়ে পার পেয়ে যাচ্ছে।