৮ মাসেও চালু হয়নি নিকলীর আবহাওয়া পর্যবেক্ষণাগার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবল–সংকটে কিশোরগঞ্জের নিকলী উপজেলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের কার্যক্রম গত আট মাসেও শুরু হয়নি। ২০১৪ সালের ৩০ জুন পর্যবেক্ষণাগারটির নির্মাণকাজ শেষ হয়। কিন্তু এ পর্যন্ত প্রয়োজনীয় লোকবল নিয়োগ না দেওয়ায় প্রতিষ্ঠানটি পড়ে রয়েছে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম গতকাল সোমবার দুপুরে বলেন, ‘হাওরবেষ্টিত নিকলী উপজেলার প্রায় ৫০ শতাংশ লোকই হাওরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। যথাসময়ে এখানকার আবহাওয়ার পূর্বাভাস না পাওয়ায় ঝড়-বৃষ্টির সময় বিস্তীর্ণ হাওরে প্রায়ই জেলেরা নৌকাডুবিতে প্রাণ হারায়। নিকলীতে আট মাস আগে একটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র করা হয়েছে। কিন্তু লোক না থাকায় কেন্দ্রটি আবহাওয়া সম্পর্কে এলাকাবাসীকে কোনো তথ্যই দিতে পারছে না।’ দ্রুত জনবল নিয়োগ দিয়ে কার্যালয়টি চালুর দাবি জানান তিনি।

উপজেলার আবহাওয়া পর্যবেক্ষণ কার্যালয়ের ভারপ্রাপ্ত উচ্চপর্যবেক্ষণ কর্মকর্তা (এও) আক্তার ফারুক বলেন, ‘ঠিকাদারের কাছ থেকে আট মাস আগে পর্যবেক্ষণাগারটি বুঝে নেওয়া হয়েছে। কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতিও স্থাপন করা হয়েছে। কিন্তু এখনো প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি। তাই চালু করা সম্ভব হচ্ছে না।’ লোকবল নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ‘আবহাওয়াবিদ ও প্রকল্প পরিচালক এ বিষয়ে বলতে পারবেন।’

নিকলী আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তর দুর্যোগ মোকাবিলায় সরকারিভাবে আড়াই একর জমির ওপর এই আবহাওয়া পর্যবেক্ষণাগারটি নির্মাণ করে। প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে ২০১৩-১৪ অর্থবছরের ৩০ জুন এর নির্মাণকাজ শেষ হয়। ওই দিনই ঠিকাদারের কাছ থেকে প্রকল্প পরিচালক শামীম হাসান ভূঁইয়া কার্যালয়টি বুঝে নেন। কিন্তু তারপর গত আট মাসেও প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়নি।

প্রকল্প পরিচালক শামীম হাসান গতকাল সোমবার দুপুরে মুঠোফোনে বলেন, ‘গত ফেব্রুয়ারিতে জনপ্রশাসন মন্ত্রণালয় এই পর্যবেক্ষণারের কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় পদ সৃষ্টি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে ছয় মাসের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম চালু করা যাবে বলে আশা করছি।’