৮ শতাংশ শিশু একাকিত্ব নিয়ে বেড়ে উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ৮ শতাংশ শিশু-কিশোর একাকিত্ব নিয়ে বেড়ে উঠছে। শিশুশিক্ষার্থীদের মধ্যে ৭৪ শতাংশ সময়মতো খাবার খায় না। ২০ শতাংশ শিশু-কিশোর কোনো না কোনো রোগে আক্রান্ত।
শিশুদের বেড়ে ওঠার পরিবেশ এবং জীবনাচার নিয়ে এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), পল্লীমা গ্রিন এবং মার্শাল আর্ট ফাউন্ডেশন শিশু-কিশোরদের পরিবেশ, জীবনচর্চা এবং রোগ নিয়ে এই জরিপ করে। চারটি স্কুলের শিক্ষার্থীর ওপর এই গবেষণা সমীক্ষা পরিচালিত হয়। গতকাল শুক্রবার বেলা ১১টায় পল্লীমা সংসদ কার্যালয়ে জনস্বার্থে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকার দুটি সরকারি এবং দুটি বেসরকারি স্কুলের ১ হাজার ৪৫১ জন শিক্ষার্থীর প্রাত্যহিক জীবনচর্চা, তার পারিবারিক পরিবেশ ও রোগ নিয়ে এই সমীক্ষা পরিচালিত হয়। এর মধ্যে ৮৫৮ জন মেয়ে এবং ৫৯৩ জন ছেলে, বয়স ৭ থেকে ১৫ বছর।
সমীক্ষায় দেখা যায়, ৭ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ৮ শতাংশ একাকী থাকতে পছন্দ করে, যার সংখ্যা ৩২ লাখ (দেশের জনসংখ্যা ১৬ কোটি ধরে)। শিশু-কিশোরদের এই একাকিত্ব তাদের সামাজিক নানা অবক্ষয়ের দিকে ঠেলে দেবে, যা ইদানীং দেখা যাচ্ছে।
শিশু-কিশোরদের জীবনচর্চা ও রোগ সমীক্ষায় দেখা যায়, সময়মতো খাবার খায় না ৭৪ শতাংশ, পড়ার টেবিল, বইখাতা গুছিয়ে রাখে না ২২ শতাংশ, দাঁত ব্রাশ করে না ৪ শতাংশ, শরীরচর্চা বা ব্যায়াম করে না ৫৯ শতাংশ, কাপড়চোপড় নিজে পরিষ্কার করে না ৫৯ শতাংশ, মা-বাবার কাজে সহযোগিতা করে না ১৮ শতাংশ।
পবার চেয়ারম্যান আবু নাসের খানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদন উপস্থাপন করেন পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী। বক্তব্য দেন পবার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সোবহান, পল্লীমা সংসদের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান, সভাপতি প্রকৌশলী হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পল্লীমা গ্রিনের চেয়ারম্যান আনিসুর রহমান, সদস্যসচিব আনিসুল হোসেন, মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সার, ডা. সমীর কুমার সাহা, শিশু মনোরোগ বিশেষজ্ঞ সাদিয়া শারমিন ঊর্মী।
সংবাদ সম্মেলনে ছয়টি সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে শিশু-কিশোরদের একাকিত্ব বন্ধে পরিবার, বন্ধুবান্ধব, শিক্ষাপ্রতিষ্ঠান এবং রাষ্ট্রকে উদ্যোগ নেওয়া, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ করে দেওয়া।