৮ শতাধিক শিক্ষক কর্মচারী ঈদের উৎসব ভাতা পাননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ শতাধিক শিক্ষক-কর্মচারী ঈদুল ফিতরের উৎসব ভাতা পাননি। বঞ্চিত লোকজনের অভিযোগ, সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার কর্মকর্তাদের উদাসীনতার কারণে তাঁরা এ উৎসব ভাতা থেকে বঞ্চিত রয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোনালী ব্যাংকের কলাপাড়া বন্দর শাখায় হিসাব পরিচালনাকারী ১৮টি মাদ্রাসার ৩৪০ এবং ৩০টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ৪৫০ জন শিক্ষক-কর্মচারীর কেউই উৎসব ভাতা পাননি। একই অবস্থা ধানখালী ডিগ্রি কলেজ, কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজ ও কুয়াকাটা খানাবাদ কলেজের শতাধিক শিক্ষক-কর্মচারীরও। এর ফলে এসব প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদের উৎসব ম্লান হয়ে গেছে এবং তাঁদের মধ্যে হতাশা বিরাজ করছে।
নাওভাঙা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ জিয়াউল ইসলাম বলেন, এমপিওভুক্ত ২২টি মাদ্রাসার মধ্যে ৪টির হিসাব রূপালী ব্যাংকের কলাপাড়া শাখায়। ওই ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষক উৎসব ভাতা পেয়েছেন। অথচ সোনালী ব্যাংকে হিসাব পরিচালনাকারী ১৮টি মাদ্রাসার প্রায় ৩৪০ জন শিক্ষক উৎসব ভাতা পাননি।
মোজাহারউদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, তাঁদের কলেজের শিক্ষক-কর্মচারীসহ ৫৬ জনের কেউই ঈদের উৎসব ভাতা পাননি। কলাপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন বিশ্বাস ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এ গাফিলতির জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তারাই শুধু দায়ী। সোনালী ব্যাংক কলাপাড়া বন্দর শাখার ব্যবস্থাপক মোশারফ হোসেন খান বলেন, উৎসব ভাতার শিট যথাসময়ে এসে পৌঁছেনি। তাই সব শিক্ষককে ঈদুল ফিতরের উৎসব ভাতা দেওয়া যায়নি।