চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষকের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে মামলা করেছেন ছাত্রলীগের একজন নেতা। বিচারক গতকাল রোববার অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দেন। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য মনসুর আহমদ মামলাটি করেন।আদালত সূত্র জানায়, ছাত্রলীগ নেতার দায়ের করা মামলার আসামিরা হলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ রায়, কাজী কমরউদ্দিন, গৌতম বুদ্ধ দাশ, মাসুদুজ্জামান, গৌতম কুমার দেবনাথ, গৌরাঙ্গ চন্দ্র চন্দ, আবদুল আলিম ও শুভাগত দাশগুপ্ত।আদালত সূত্র জানায়, মনসুর গত ১৫ মের একটি ঘটনার বর্ণনা দিয়ে আদালতে মামলা করেন। মামলার আরজিতে বলা হয়, ছাত্রলীগ একটি ঘটনার প্রতিবাদে মিছিল বের করলে দুজন শিক্ষক ফুলের টব ও কাচের গ্লাস ছুড়ে মারেন। এতে মনসুর পায়ে আঘাত পান। পরে তিনি পার্শ্ববর্তী একটি হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনার পর থেকে অন্য শিক্ষকেরা তাঁকে হুমকি দিচ্ছেন।বাদীর কৌঁসুলি ইফতেখার সাইমুল চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত বাদীর অভিযোগ তদন্ত করে দেখতে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনারকে নির্দেশ দিয়েছেন।