৮ সহপাঠী আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট এমসি কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মী উদয়েন্দু সিংহ খুনের ঘটনায় গতকাল বুধবার কোতোয়ালি থানায় মামলা হয়েছে। উদয়েন্দুর সহপাঠী ও ছাত্রলীগের আট কর্মীকে আসামি করে মামলা করেন তাঁর বাবা বীরেশ্বর সিংহ।মামলার পর কোতোয়ালি থানায় গতকাল বীরেশ্বর সিংহ কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘মামলা হোক আর বিচার হোক—ছেলেকে তো আর ফিরে পাব না।’ বীরেশ্বরের সঙ্গে থাকা আত্মীয় রনজিৎ সিংহ জানান, ঘটনার পর থেকেই গোটা পরিবারে এখন কান্না ছাড়া আর কিছুই নেই। গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ বাড়িতে উদয়েন্দু সিংহের শেষকৃত্য সম্পন্ন হয়েছে।সিলেট কোতোয়ালি থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) নারায়ণ দত্ত প্রথম আলোকে বলেন, ‘আসামিদের অবস্থান সম্পর্কে এরই মধ্যে নিশ্চিত হওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হবে।’ তিনি জানান, মামলায় আটজনসহ অজ্ঞাত আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়েছে।আট আসামি: এজাহারে নাম-পরিচয় উল্লেখ করা আট আসামি হলেন দেলওয়ার হোসেন, ফজলুল হক, শহিদুল হক, মুস্তাফিজুর রহমান, রাসেল আহমদ, গিয়াস, শিপন ও সঞ্জয়। তাঁরা সবাই এমসি কলেজে অধ্যয়নরত। পুলিশ গতকালই কলেজ থেকে ওই আটজনের যাবতীয় ঠিকানা-পরিচ৩য়সহ ছবি সংগ্রহ করেছে।এজাহার: এজাহারে উল্লেখ করা হয়, গত সোমবার কলেজে ছাত্রলীগের সহপাঠীদের মধ্যে বচসার পর বেলা একটায় উদয়েন্দু তাঁর মেসবাড়িতে যান। সেখানে অসুস্থ রুমমেট আয়ূবের জন্য পাশের একটি ফার্মেসি থেকে ওষুধ কিনে এনে তাঁকে খাইয়ে উদয়েন্দু ফের কলেজের উদ্দেশে বের হন। সেখান থেকে ফেরার পর একটি বিপণিবিতানের সামনেই আক্রমণে পড়েন। আসামিরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালায়। খবর পেয়ে সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজিরউদ্দিনসহ কয়েকজন উদয়েন্দুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।বহিষ্কার ১২: কেন্দ্র থেকে ছাত্রলীগের সিলেট জেলা ও মহানগর কমিটি বাতিলের আগে মহানগর ছাত্রলীগ এমসি কলেজ ও সরকারি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে ছাত্রলীগের ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করে। ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকের মৌখিক নির্দেশে তা করা হয়েছে বলে মহানগর ছাত্রলীগের সদ্য সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এঁরা হচ্ছেন দেবাংশু দাস, পংকজ পুরকায়স্থ, মুস্তাফিজুর রহমান, জয়নাল আবেদীন, ইসা আলম, মঞ্জুর আহমদ, বেলাল উদ্দিন, আবদুর রহিম, দেলওয়ার হোসেন, হূতিক দেব, রুমেল আহমদ ও ফজলুল হক।বহিষ্কৃত ওই ১২ জনের মধ্যে তিনজন উদয়েন্দু খুনের ঘটনায় গতকাল দায়ের করা মামলায় আসামি।