৮ সেপ্টেম্বর থেকে বিশেষ সেবা চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে এবার সরকারি ও বেসরকারি যাত্রীবাহী নৌযান কর্তৃপক্ষ একই দিনে বিশেষ সেবা শুরু করবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) ও বেসরকারি লঞ্চ মালিক সমিতি আগামী ৮ সেপ্টেম্বর থেকে এই সেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে।

গতকাল শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), বিআইডব্লিউটিসি ও লঞ্চ মালিক সমিতি এ তথ্য নিশ্চিত করেছে।

বিআইডব্লিউটিসির জনসংযোগ বিভাগ জানায়, ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে পাঁচটি জাহাজ দিয়ে নিয়মিত ও বিশেষ সেবা দেওয়া হবে। বিশেষ সেবায় থাকবে পিএস টার্ন, এমভি মধুমতি, এমভি বাঙালি, পিএস অস্ট্রিস ও পিএস লেপচা। এর মধ্যে এমভি মধুমতি ও এমভি বাঙালি ঢাকা-বরিশাল সরাসরি সেবায় থাকবে। বাকি তিনটি ঢাকা-বরিশাল-মোরেলগঞ্জ পর্যন্ত যাত্রী পরিবহন করবে।

বিআইডব্লিউটিসির জনসংযোগ কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, যাত্রীদের দুর্ভোগ কমাতে নিয়মিত সেবার পাশাপাশি বিশেষ সেবা চালু থাকবে। ৮ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই সেবা দেওয়া হবে। ঈদের আগে ঢাকা থেকে ঘরমুখী যাত্রীদের জন্য ৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত এবং ঈদের পর কর্মস্থলমুখী যাত্রীদের জন্য ১৫ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ সেবা চালু থাকবে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের জন্য সব ধরনের প্রস্তুতি শেষ। এবার ঈদে ঢাকা-বরিশাল নৌপথে পারাবত-১২ নামে আরও একটি বিলাসবহুল লঞ্চ যোগ হয়েছে। নৌপথে বিশেষ সেবা দেওয়ার জন্য লঞ্চ মালিক সমিতিও প্রস্তুতি নিয়েছে। সব মিলিয়ে ঈদে যাত্রীদের দুর্ভোগ হবে না।