দেশের ভাঙাচোরা সড়ক মেরামতের জন্য দ্রুত যোগাযোগ মন্ত্রণালয়কে আট হাজার কোটি টাকা বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বর্ষা মৌসুমে রাস্তা মেরামত করা হলে দ্রুত নষ্ট হয়ে যায়। তাই বর্ষার আগেই, অর্থাৎ মে মাসের আগে ভেঙে পড়া রাস্তাঘাট মেরামত করতে হবে। সে জন্য দ্রুত যোগাযোগ মন্ত্রণালয়কে আট হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়ার সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, বর্তমানে কিশোরগঞ্জ, জামালপুর, বরিশাল, খুলনা, সাতক্ষীরাসহ বেশকিছু জেলার রাস্তাঘাটের অবস্থা খুব নাজুক।শেখ মুজিবুর রহমান বলেন, মহাসড়কের পাশে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা হাটবাজারের কারণে সংশ্লিষ্ট সড়ক দ্রুত নষ্ট হয়। এসব হাটবাজার কীভাবে সড়কের পাশ থেকে সরিয়ে নেওয়া যায়, সে জন্য কমিটি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে। তিনি বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় যেসব প্রকল্পের দরপত্র গ্রহণের পর কার্যাদেশ দেওয়ার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, সেগুলোর তালিকা কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এ ছাড়া ‘ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বিল, ২০১১’ পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত করা হয়। সরকার এই আইনের আওতায় রাজধানীর পরিবহনব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত ও সমন্বিত করতে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর এবং নরসিংদী জেলাকে অন্তর্ভুক্ত করে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ গঠনের চিন্তাভাবনা করছে। শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কমিটির সদস্য জিল্লুল হাকিম, নজরুল ইসলাম, এইচ এম গোলাম রেজা, ওমর ফারুক চৌধুরী, আবু জাহির, গোলাম মাওলা, অপু উকিল প্রমুখ অংশ নেন।