আগামী পূর্ণিমার তিথিতে সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব। তিথি অনুযায়ী ৮-১০ নভেম্বর দুবলারচরের আলোর কোল নামক স্থানে তিন দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। উৎসব ঘিরে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। বন বিভাগ সূত্রে জানা যায়, রাস পূর্ণিমায় তীর্থযাত্রী ও দর্শনার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য বন বিভাগ আটটি নৌপথ নির্ধারণ করেছে। তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তা দিতে এসব পথে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব, বন বিভাগ, পুলিশ ও বিজিবি দায়িত্ব পালন করবে। পূর্ব বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে জানান, বনে প্রবেশের সময় পুণ্যার্থী ও দর্শনার্থীদের তিন দিনের জন্য জনপ্রতি ৫০ টাকা ও প্রতি ট্রলারের জন্য এক হাজার ৪০০ টাকা ভাড়া দিতে হবে। যেসব পর্যটক লঞ্চ নিয়ে যাবেন, তাঁদের জনপ্রতি প্রতিদিনের জন্য ৫০ টাকা দিতে হবে। লঞ্চের ভাড়া আলাদা দিতে হবে। যাত্রীরা নির্ধারিত একটি মাত্র পথ ব্যবহারের সুযোগ পাবেন ও দিনের বেলায় চলাচল করতে পারবেন। যাত্রীরা বন বিভাগের চেকিং পয়েন্ট ছাড়া অন্য কোথাও নৌকা, লঞ্চ বা ট্রলার থামানোর সুযোগ পাবেন না। পরিবেশ দূষণ করে এমন বস্তু, মাইক বাজানো, পটকা ফোটানো, বিস্ফোরকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র বহন সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা সহকারী বন সংরক্ষক মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, রাসমেলা কেন্দ্র করে কেউ যাতে বন থেকে হরিণ শিকার ও নিধন করতে না পারে, সে জন্য এবার সুন্দরবনের ১৫টি জায়গায় বন বিভাগের বিশেষ দল কাজ করবে।