পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল মঙ্গলবার দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। বেশি চাহিদা ৮ ও ৯ সেপ্টেম্বরের টিকিটের। ফলে প্রথম দিনেই উত্তরবঙ্গের বিভিন্ন গন্তব্যের ওই দুই দিনের বেশির ভাগ টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছেন বিভিন্ন পরিবহন কোম্পানির কর্মকর্তা-কর্মীরা।
বিভিন্ন পরিবহন কোম্পানি কাউন্টারের পাশাপাশি অনলাইনেও অগ্রিম টিকিট বিক্রি করছে।
গতকাল সকাল ছয়টা থেকে গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুরে দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। তবে টিকিটপ্রত্যাশীরা ভোর থেকেই কাউন্টারের সামনে সারিতে দাঁড়ান। গাবতলীতে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনালে কাউন্টারের সামনে সকালে গিয়ে দেখা যায়, বিভিন্ন গন্তব্যের আলাদা আলাদা সারিতে দাঁড়িয়েছেন টিকিটপ্রত্যাশীরা। ব্যাপক ভিড়। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভোর চারটার পর থেকে কাউন্টারের সামনে টিকিটপ্রত্যাশীরা আসতে শুরু করেন।
ওই কাউন্টারের সামনে কথা হয় বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহাদ মাহমুদের সঙ্গে। তিনি বলেন, তিনি ৮ বা ৯ সেপ্টেম্বরের (বৃহস্পতি ও শুক্রবার) পঞ্চগড়ের টিকিট কিনতে ভোর পাঁচটার দিকে এসে সারিতে দাঁড়ান। তখন তাঁর সামনে ৭০-৭৫ জন ছিলেন। সকাল সাড়ে নয়টার দিকে তিনি টিকিট কাটার সুযোগ পান। ৮ বা ৯ সেপ্টেম্বরের টিকিট চাইলে কাউন্টার থেকে বলা হয়, ওই দুই দিনের টিকিট শেষ। পরে তিনি ৭ সেপ্টেম্বরের টিকিট কিনেছেন।