৮টি ধারা কেন সংবিধান পরিপন্থী নয় এ মর্মে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালত অবমাননা আইন-২০১৩-এর আটটি ধারা কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এ বি এম আলতাফ হোসেনের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। রাষ্ট্রপতির সচিব, প্রধানমন্ত্রীর সচিব, মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও সংসদ সচিবালয়ের সচিবকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আদালত অবমাননা আইনে নতুন কয়েকটি ধারা সংযোজন করা হয়। আইনের ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১১ ও ১৩(২) ধারা সংবিধানের ১০৮ অনুচ্ছেদের ক্ষমতার সঙ্গে সাংঘর্ষিক বলে আখ্যায়িত করে গত ২৫ মার্চ দুই আইনজীবী রিট আবেদনটি করেন। গতকাল আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। রিট আবেদন থেকে জানা যায়, আইনের ৪ ধারায় নির্দোষ প্রকাশনা বা বিতরণ অবমাননা নয় ; ৫ ধারায় পক্ষপাতহীন ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ আদালত অবমাননা নয়; ৬ ধারায় অধস্তন আদালতের সভাপতিত্বকারী বিচারকের বিরুদ্ধে অভিযোগ আদালত অবমাননা নয়; ৭ ধারায় কতিপয় ক্ষেত্র ছাড়া খাস কামরায় বা রুদ্ধদ্বার কক্ষে অনুষ্ঠিত প্রক্রিয়াসংক্রান্ত তথ্য প্রকাশ আদালত অবমাননা নয়—এসব বলা হয়েছে। সংবিধানের ১০৮ অনুচ্ছেদে ‘কোর্ট অব রেকর্ড’ রূপে সুপ্রিম কোর্টের ক্ষমতার বিষয়ে বলা হয়েছে। মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, অন্য ধারাগুলোতে আরও কয়েকটি কাজ আদালত অবমাননা নয় বলে উল্লেখ করা হয়েছে।