চট্টগ্রামের সীতাকুণ্ড ও মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যান চলাচলব্যবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে, সীতাকুণ্ডের সলিমপুর থেকে মিরসরাইয়ের বারইয়ারহাট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার অংশ করুণ পর্যায়ে চলে এসেছে। মহাসড়কের বেশির ভাগ অংশে আগে থেকেই খানাখন্দ ছিল। তার ওপর এক সপ্তাহের টানা বৃষ্টিতে অবস্থার আরও অবনতি হয়েছে। এসব স্থানে প্রতিদিন ১০-১২টি করে যানবাহন বিকল হয়ে দাঁড়িয়ে থাকছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে। যাতায়াতকারীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের দরপত্র আহ্বান হওয়ার পর থেকে সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) মহাসড়কে কোনো সংস্কার কাজ করেনি।সওজের উপবিভাগীয় প্রকৌশলী (সীতাকুণ্ড) সুমন সিংহ বলেন, ‘চার লেন প্রকল্পের দরপত্র হওয়ার পর মহাসড়কের রক্ষণাবেক্ষণ ও সংস্কার কাজের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া এ বিষয়ে আমাদের করার কিছুই নেই।’জানা গেছে, চার লেন প্রকল্পের সীতাকুণ্ড অংশের কাজ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান তাহের অ্যান্ড ব্রাদার্স বর্ষায় সড়কের দুরবস্থার কথা চিন্তা করে দুই মাস আগে সলিমপুর থেকে মিরসরাই পর্যন্ত সড়কে কার্পেটিং করে। কিন্তু গত এক সপ্তাহের বৃষ্টিতে কার্পেটিং উঠে সড়কে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়।তাহের অ্যান্ড ব্রাদার্সের সহকারী প্রকল্প ম্যানেজার প্রকৌশলী ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘কয়েক দিন প্রবল বর্ষণের কারণে মহাসড়ক সংস্কারের কাজ বিঘ্নিত হয়েছে। বৃষ্টি কমলেই কাজ দ্রুত শুরু করা হবে।’যানবাহনচালক ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্পেটিং করার সময় ঠিকমতো বিটুমিন ব্যবহার করা হয়নি। ছোট-বড় গর্তে ইট, বালি দিয়ে কোনোমতে সড়কটি চলাচলের উপযোগী করে তোলার চেষ্টা করেন ঠিকাদার। কিন্তু ব্যস্ততম সড়ক দিয়ে হাজার হাজার ভারী যানবাহন চলাচলের ফলে দুই-তিন ঘণ্টার মধ্যে সড়ক আগের অবস্থায় ফিরে গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বড় দারোগারহাট, পন্থিছিলা, সীতাকুণ্ড বাইপাস, শুকলালহাট, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, জোড়ামতল, জলিল গেট, বার আউলিয়া, মদনহাট, কদমরসুল, মাদামবিবিরহাট, ভাটিয়ারী, বানুর বাজার, তুলাতলী রাস্তার মাথা, ফৌজদারহাট, বাংলাবাজার, পাক্কার মাথা, বিএসআরএম গেট ও সিটি গেট এলাকায় সড়কে ব্যাপক খানাখন্দ। অনেক জায়গায় কার্পেটিং উঠে গেছে। সিএনজিচালিত অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেট কারসহ ছোট যানবাহন গর্তে পড়ে ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছে। তা ছাড়া মালবোঝাই ট্রাক, কাভার্ড ভ্যান গর্তে পড়ে গাড়ির গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ভেঙে রাস্তার মাঝখানে আটকা পড়ে যাচ্ছে। অনেক সময় উদ্ধার করতে দেরি হওয়ায় সংশ্লিষ্ট স্থানে যানজট লেগে যাচ্ছে। অন্যদিকে গতকাল সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদর, বারইয়ারহাট, হাদিফকিরহাট, নিজামপুর কলেজ, বড়দারোগারহাট এলাকায় থেমে থেমে যানজট লক্ষ করা গেছে।সীতাকুণ্ডের কাভার্ড ভ্যান ড্রাইভার লোকমান হোসেন জানান, ‘রাস্তায় পুরো অংশে গর্ত থাকায় গাড়ির এক্সেল ভেঙে নষ্ট হয়ে পড়ে।’ সীতাকুণ্ড মাইক্রোবাস সমিতির সভাপতি মো. রওশন জামান জানান, ‘এমনিতেই ঢাকা-মহাসড়কে গাড়ি ছিনতাই-ডাকাতি প্রতিদিনের ঘটনা। এর মধ্যে রাস্তা খারাপ হওয়ায় গাড়িগুলো ধীরগতিতে চলার কারণে প্রতি রাত চার-পাঁচটি যানবাহন ছিনতাইয়ের কবলে পড়তে হয়।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসচালক জসিমউদ্দিন বলেন, ‘চট্টগ্রাম শহর থেকে সীতাকুণ্ডে পৌঁছাতে সাধারণত ৫০ মিনিট সময় লাগে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে এখন তিন ঘণ্টার বেশি লাগে।’সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ বলেন, ‘মহাসড়কে বেশির ভাগ দুর্ঘটনা রাস্তার কারণে হচ্ছে। মহাসড়কের সাতটি স্থানে সীতাকুণ্ড থানার সাতজন পুলিশ ও আটজন স্বেচ্ছাসেবক রাত দিন কাজ করেও যান চলাচল স্বাভাবিক রাখতে পারছেন না।’ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক স্বপন কুমারনাথ বলেন, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান সড়ক সংস্কারের কাজ শিগগির শুরু করবে। বর্ষার মধ্যে কাজ করলে তা বেশিদিন টিকবে না। তবে সড়কের গর্ত সংস্কার করে শুকনো মৌসুমে আসা পর্যন্ত যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে।’