৮০ জন মাদক ব্যবসায়ীর ব্যবসা ছাড়ার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামের সাতজন নারীসহ ৮০ জন মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দেওয়ার অঙ্গীকার করে গত মঙ্গলবার সন্ধ্যায় মাদকবিরোধী শপথ নিয়েছেন।
এ উপলক্ষে মোগলহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে মোগলহাট ফুটবল মাঠের নুরলদীন মঞ্চে এক সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন মোগলহাট ইউপির চেয়ারম্যান মো. হাবিবুর রহমান। বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুর রহিম ও এন এম নাসির উদ্দিন, এএসপি সার্কেল শহীদ সোহরাওয়ার্দী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন, সাংবাদিক আবু হাসনাত প্রমুখ।
জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান বলেন, ‘মাদকের ভয়াবহ ছোবল থেকে আজ কোনো শ্রেণি-পেশার ও বয়সের মানুষ নিরাপদ নয়। প্রিয়জনের অত্যাচার থেকে বাঁচতে অনেকে পুলিশের মাধ্যমে আপনজনকে জেল খাটাচ্ছেন। কিন্তু এসব কোনো স্থায়ী সমাধান নয়, এ জন্য চাই সার্বিক সচেতনতা, সাবধানতা।’
পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, ‘যাঁরা মাদক ব্যবসা ছেড়ে সমাজের মূল ধারায় ফিরে আসার সৎসাহস দেখালেন বা দেখাবেন তাঁদের জন্য সাধুবাদ, আর যাঁরা এমন করবেন না তাঁদের জন্য ১০ নম্বর বিপদ সংকেত। আবার যাঁরা একবার ভালো হওয়ার অঙ্গীকার করে পুনরায় খারাপ পথে ফিরে যাবেন বা গেছেন তাঁদের জন্য ডবল ১০ নম্বর বিপদ সংকেত।’