৮০ ফুট গভীর থেকে নারীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিন চেষ্টার পর গতকাল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ৮০ ফুট ভেতরে লাশটি ছিল। এক মাস সাত দিন আগে স্বামীর ভাড়াটে খুনিরা তাঁকে হত্যা করে লাশ পাইপে ঢুকিয়ে রাখে । ছবি: এম সাদেক
সাত দিন চেষ্টার পর গতকাল কুমিল্লার দেবীদ্বার উপজেলার ছেচড়াপুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়েছে। পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ৮০ ফুট ভেতরে লাশটি ছিল। এক মাস সাত দিন আগে স্বামীর ভাড়াটে খুনিরা তাঁকে হত্যা করে লাশ পাইপে ঢুকিয়ে রাখে । ছবি: এম সাদেক

কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের ছেচড়া-পুকুরিয়া গ্রামের গৃহবধূ শাহিনা আক্তারের (৩৫) লাশ সাত দিন চেষ্টার পর গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধার করা হয়। পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ৮০ ফুট ভেতর থেকে তাঁর গুম করা লাশ উদ্ধার হয়।
মৃতদেহ উদ্ধারের পর শাহিনার তিন শিশুসন্তানের কান্নায় বাতাস ভারী হয়ে ওঠে। লাশের গন্ধ ছড়িয়ে পড়ে। এলাকায় নেমে আসে শোকের ছায়া। এ সময় জনতা নিহতের স্বামী ও খুনিদের ফাঁসির দাবিতে মিছিল করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, প্রায় ১৫ বছর আগে দেবীদ্বার উপজেলার তুলাগাঁও গ্রামের মো. কেরামত আলী সরকারের মেয়ে শাহিনা আক্তারের সঙ্গে ছেচড়াপুকুরিয়া গ্রামের মো. দুধ মিয়ার আবুধাবি-প্রবাসী ছেলে মো. মোবারক হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ইতিমধ্যে তাঁরা দুই ছেলে ও এক মেয়ের বাবা-মা হন। প্রায় দুই বছর আগে মোবারক দেশে ফেরেন। দেশে ফেরার পর পারিবারিক বিরোধ আরও তীব্র হয়। এ নিয়ে সুলতানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক ও বর্তমান চার চেয়ারম্যান সালিস করেন। সালিসে তাঁদের মিলিয়ে দেওয়া হলেও নির্যাতনের মাত্রা কমেনি। ২০১২ সালের ২১ মার্চ দেবীদ্বার থানায় স্বামী মোবারক হোসেন, শাশুড়ি রফেজা বেগমসহ আটজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন শাহিনা আক্তার। মামলা দায়েরের পর মোবারক আবুধাবি চলে যান। গত বছরের জানুয়ারি মাসে তিনি ডাকযোগে স্ত্রীকে তালাকনামা পাঠান। ওই তালাকনামা ভুয়া দাবি করে শাহিনা আক্তার তিন সন্তানকে নিয়ে স্বামীর বাড়িতেই অবস্থান করেন। একপর্যায়ে মোবারক স্ত্রীকে চলে যাওয়ার জন্য তিন লাখ টাকার প্রস্তাব দেন। ওই প্রস্তাবে শাহিনা আক্তার রাজি হননি। এতে ব্যর্থ হয়ে মোবারক হোসেন তাঁর স্ত্রীকে হত্যা করার জন্য একই বাড়ির আবদুল করিমকে দুই লাখ টাকায় ভাড়া করেন। গত ৭ ফেব্রুয়ারি শাহিনা আক্তার রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। ওই সময় আবদুল করিম তাঁকে মুঠোফোনে ঘর থেকে ডেকে নেন। পরে ওই বাড়ির উত্তর পাশের একটি নির্জন স্থানে নিয়ে করিম ও দুই সহযোগী মিলে গলা চেপে শ্বাসরোধে শাহিনাকে হত্যা করেন। পরে তাঁর লাশ একটি পরিত্যক্ত গভীর নলকূপের পাইপের ভেতরে ফেলে দেন। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও শাহিনার কোনো হদিস পাননি। ৯ ফেব্রুয়ারি নিহত শাহিনার ভাই মজিবুর রহমান সরকার দেবীদ্বার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এই পর্যায়ে পুলিশ শাহিনার মুঠোফোনের কল তালিকা যাচাই করে। ২৪ ফেব্রুয়ারি মজিবুর রহমান সরকার কুমিল্লার আদালতে একটি অপহরণ মামলা করেন। মামলায় শাহিনার শাশুড়ি, স্বামীসহ ১০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) শাহ কামাল আকন্দ জানান, মুঠোফোনের কল তালিকার সূত্র ধরে পুলিশের একদল সদস্য ৬ মার্চ রাতে কুমিল্লার ময়নামতি সেনানিবাস এলাকায় অবস্থান নেন। ওই সময় পুলিশের এক নারী সদস্য প্রেমালাপের মাধ্যমে আবদুল করিমকে ওই এলাকায় ডেকে আনেন। রাত আড়াইটায় পুলিশ তাঁকে আটক করে। জিজ্ঞাসাবাদে শাহিনা আক্তারকে হত্যার পর লাশ গুম করার বিবরণ দেন করিম। লাশ গুম করে রাখার স্থানটি ৭ মার্চ ভোরে পুলিশকে দেখান তিনি। জানা যায়, ৭ মার্চ সকাল থেকে এলাকার ২০ জন আবদুল করিমের বসতঘরের পেছনের মাঠের মধ্যে থাকা অব্যবহূত গভীর নলকূপের মুখ খুলে উদ্ধার অভিযান শুরু করে। ওই দিন বেলা একটায় কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের আট সদস্যের একটি দল ঘটনাস্থলে যায়। তারা এতে সফল হয়নি। পরে কুমিল্লা থেকে গভীর নলকূপ বসানোর কারিগর এনে উদ্ধারকাজ শনিবার থেকে শুরু হয়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ৮০ ফুট পাইপ উত্তোলন করে শাহিনা আক্তারের গলিত লাশ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন ও দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান।
এদিকে লাশ উদ্ধারের পর নিহত শহিনার মা জামিনা খাতুন (৭০), দুই ছেলে ইমরান হোসেন (১৩) ও তুষার আহমেদ (১০) এবং একমাত্র মেয়ে রোজিনা আক্তার (৭) কান্নায় ভেঙে পড়ে। ইমরান হোসেন বলে, ‘ঘটনার দিন রাতে খাওয়া শেষে মায়ের সঙ্গে আমরা তিন ভাই-বোন ঘুমিয়ে পড়ি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মা নেই।’ উদ্ধারকারী দলের প্রধান আলী হোসেন বলেন, ‘আমরা সাত দিন চেষ্টার পর লাশ ওঠাতে পেরেছি।’ দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান বলেন, পুলিশ ও প্রতিবেশীরা মিলে লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এতে দেড় লাখ টাকা খরচ হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শাহিনার স্বামী মোবারক নিজেই খুনের পরিকল্পনা করেন। মোবারক আবুধাবী থেকে এক লাখ টাকা পাঠান মুরাদনগরে তাঁর এক বন্ধুর ব্যাংক হিসাবে। ওই টাকা উঠিয়ে প্রধান খুনি আবদুল করিম নেন ৪০ হাজার টাকা। আবদুল করিমের দুই সহযোগী নেন ৩০ হাজার টাকা করে। চুক্তির বাকি এক লাখ টাকা বুঝে পাওয়ার আগেই আবদুল করিম ধরা পড়ে যান।