৮০ বছরের কুলসুম আজও পাননি একটা কার্ড

‘আমার বয়স ৮০ চলতাছে। সইল্যে শক্তি পাই না। বেশিক্ষণ আটতাম (হাঁটা) পারি না। পেডের লাইগ্যা এই বয়সেও আমারে ভিক্ষা করণ লাগতাছে। সরহার (সরকার) যদি আমারে একডা কার্ড দিলে, তাইলে বালা অইত।’
আক্ষেপ নিয়ে কথাগুলো বলেছেন ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দশালিয়া মহল্লার কুলসুম আক্তার (৮০)। দুই সন্তান রেখে মুক্তিযুদ্ধের সময় তাঁর স্বামী নুর হোসেন মারা যান। বৃদ্ধার আক্ষেপ, ছেলের যা কামাই তাতে নিজের সংসার চালাতে পারছে না। তাঁকে দেখবে কী করে। তাই জীবনসায়াহ্নে এসে নিজের পেট চালাতে তাঁকে এই বয়সে ভিক্ষাবৃত্তিতে নামতে হয়েছে।
গত শনিবার নান্দাইল পৌর শহরের নতুন বাজার এলাকার পল্লি চিকিৎসক সরাফত আলীর ওষুধের দোকানে ভিক্ষার আয় এক পুঁটলি কয়েন জমা দিতে আসেন কুলসুম। সে সময় কুলসুম বলেন, একটা সময় শরীর তো আর চলবে না। তখন জীবনটা টেনে নিতে অর্থের প্রয়োজন বাড়বে। সেই আশায় সঞ্চয় করছেন। তিনি আরও বলেন, এর আগে তিনি বিভিন্ন লোকের কাছে টাকা রেখে ঠকেছেন। তাঁর ভিক্ষার টাকাও আত্মসাৎ করেছে অনেকেই। এখন তাঁর বিশ্বাসযোগ্য লোক হচ্ছে সরাফত আলী ডাক্তার। তাই ওনার কাছে কিছু কিছু করে সঞ্চয় রাখছেন।
সরাফত আলী বলেন, কুলসুম তাঁর কাছে দু-তিন বছর ধরে টাকা জমাচ্ছেন। মাস ছয়েক আগে কুলসুম তাঁর জমানো প্রায় ৮০ হাজার টাকা তুলে ছেলেকে দিয়েছিলেন রোজগারের পথ করতে। কিন্তু ছেলে এর সদ্ব্যবহার করতে পারেনি। তবু ছেলের সঙ্গে সম্পর্ক নষ্ট করেননি এই মা।
কুলসুম আবেগাপ্লুত হয়ে বলেন, ‘বাজান, সরহার যে কারারে সাইয্য দেয়, তা বুজতাম পারি না।’
কাউন্সিলর খায়রুল ইসলাম মানিক বলেন, পৌরসভা থেকে তাঁকে মাত্র দুটি বয়স্কভাতার কার্ড দেওয়া হয়েছে। তিনি দুজনের নাম পাঠিয়েছেন। কুলসুমের নাম ওই তালিকায় নেই।
নান্দাইল পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া বলেন, ‘দেখি, কুলসুমের জন্যে কী করা যায়।’