
নওগাঁর রানীনগর উপজেলায় ‘মোর’ নামের একটি ইটভাটার ধোঁয়ায় প্রায় ৪০ বিঘা জমির ধানসহ অন্য ফসল পুড়ে নষ্ট হওয়ার অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ভাটার মালিকের কাছে ক্ষতিপূরণের দাবিতে গত বৃহস্পতিবার বিক্ষোভ করেছেন।
এদিকে জয়পুরহাট সদর উপজেলার ধলাহার ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে মেসার্স হারুন অ্যান্ড ব্রাদার্স ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটার ধোঁয়া ও তাপে ৪০ বিঘা জমির বোরা ধানের ক্ষতি হয়েছে।
রানীনগরের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কাশিমপুর ইউনিয়নের চকাদিন-চককুতুব আবাসিক এলাকায় ফসলি জমিতে দুই বছর আগে ওই ইটভাটা স্থাপন করা হয়। সরকারি বিধি মোতাবেক ভাটার চিমনির উচ্চতা ১২৫ ফুট হওয়ার কথা থাকলেও এই ভাটার চিমনির উচ্চতা এর অর্ধেক। এ কারণে ক্ষতির পরিমাণটা অনেক বেশি। ভাটা চালু হওয়ার পর থেকে ধোঁয়ায় ধানসহ বিভিন্ন ফসলের অপূরণীয় ক্ষতি হচ্ছে। ধোঁয়ার আশপাশের এলাকার প্রায় ৪০ বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে।
চকমুনু গ্রামের কৃষক ইসমাইল হোসেন বলেন, ‘ওই ইটভাটার ধোঁয়ায় আমার দুই বিঘা জমির ধান সম্পূর্ণ চিটা হয়েছে। তারা কোনো ক্ষতিপূরণ দেয়নি।’
চককুতুব গ্রামের মুহিম হোসেন, নজরুল ইসলাম ও মোহসিন বলেন, ‘আমাদের জমির ধান এই ভাটার কারণে নষ্ট হয়ে গেছে। অথচ ভাটার মালিক বলছেন, তাঁদের ভাটার কারণে জমির ধান নষ্ট হয়নি।’
চকাদিন-চককুতুব মাদ্রাসা ও এতিমখানার মুফতি মো. আবদুর রউফ বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকায় ভাটা তৈরি না করতে প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলাম। তাতে লাভ হয়নি। ভাটার ধুলাবালির কারণে মাদ্রাসার শিক্ষার্থীরা প্রায় সময় অসুস্থ থাকে। বিভিন্ন ফলদ গাছেরও ক্ষতি হচ্ছে। ভাটার মালিক প্রভাবশালী, তাই তাঁদের বিরুদ্ধে করার কিছু নেই।’
ভাটার মালিকদের একজন জাহিদ হাসান বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে কয়েকজনকে ক্ষতিপূরণ দিয়েছি। যাঁদের জমির ধান আমার ভাটার কারণে নষ্ট হয়নি, তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্ন আসে না। পাশে আরেকটি ভাটা আছে, হয়তো সেই ভাটার কারণে তাঁদের ফসল নষ্ট হয়েছে।’
এ বিষয়ে রানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোনিয়া বিনতে তাবিব বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
জয়পুরহাটের রঘুনাথপুর গ্রামে গতকাল রোববার ওই এলাকায় গেলে ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, দীর্ঘ পাঁচ বছর ধরে রঘুনাথপুর গ্রামে এই ভাটা চলছে। ভাটার তাপ ও ধোঁয়ায় পশ্চিম পাশের জমিতে ধান চাষ করে ধান ঘরে তুলতে পারেননি কৃষকেরা। ভাটার মালিকের কাছে অভিযোগ করলে তিনি কৃষকদের পাত্তাই দেননি। এবারও ভাটার জন্য ৪২ জন বোরো চাষির ৪০ বিঘা জমির বোরো ধান নষ্ট হয়েছে।
মাধাইনগর গ্রামের কৃষক আবদুর রশিদ বলেন, ইটভাটার মালিক হারুন উর রশিদ ভাটা চালু করার পর থেকে তাঁরা ফসল আবাদ করে ঘরে তুলতে পারছেন না। ভাটার মালিককে অভিযোগ করলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। ভাটার কারণে এবার তাঁর দেড় বিঘা জমির বোরো ধান একেবারে নষ্ট হয়েছে। একই গ্রামের আবদুল খালেকের ২৯ শতক, ফরিদ হোসেনের ৪৯ শতক, মাধাইনগর গ্রামের এরশাদ আলীর ৬৬ শতক, সেকেন্দার আলীর ১৩ শতক, থিপুর গ্রামের নুর আলমের ২৬ শতক জমি ভাটার কারণে নষ্ট হয়েছে।
মুঠোফোনে ভাটার মালিক হারুন উর রশিদ কিছু ফসলের ক্ষতির বিষয়টি স্বীকার করে বলেন, এ বিষয়ে চাষি ও প্রশাসনের লোকজনের সঙ্গে তাঁদের বৈঠক হবে।
সদরের ইউএনও আমিনুল ইসলাম বলেন, তিনি চাষিদের লিখিত অভিযোগ পেয়ে সঙ্গে সঙ্গে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটি তদন্ত করে ধানের যে ক্ষতি হয়েছে, এর প্রতিবেদন দিয়েছে। কৃষকেরা যেন প্রকৃত ক্ষতিপূরণ পান, এ বিষয়ে কাল মঙ্গলবার ভাটার মালিক, ক্ষতিগ্রস্ত কৃষক, কৃষি বিভাগ, ওই এলাকার চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে ইউপি কার্যালয়ে বৈঠক আছে।
বগুড়া অঞ্চলের পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, ওই ইটভাটার পরিবেশ অধিদপ্তরের অনুমোদন নেই।