৮০ ভর্তায় আশ মিটিয়ে খাওয়া
ভরদুপুরে পেটের ভেতর ডুগডুগি বাজাচ্ছে ক্ষুধা বাহাদুর। ধারেকাছে কোনো খাবারের দোকান দেখছি না। খানিকটা ঘোরাঘুরি করলে যে মিলবে, সেই আভাসও নেই। কিন্তু খেতে তো হবে। তাই অনেকটা অন্ধের মতোই নিবিবিলি জায়গায় পদচারণ।
পিচঢালা সরু পথ। দুই পাশে সার বেঁধে দাঁড়ানো ছায়াবীথিতে ঢাকা। আঁকাবাঁকা সেই পথে চলতে চলতে মিলে গেল একটা খাবারের হোটেল। টিনশেডের ছোট্ট ঘর। সামনে সাইনবোর্ডে লেখা: ‘সুস্বাদু খাবার হোটেল’।
ভেতরে চারটি টেবিল আর কিছু চেয়ার। খাবারের খোঁজ নিতে রান্নাঘরের সামনে গিয়ে কর্মচারীকে জিজ্ঞেস করলাম, ‘কী আছে?’
উত্তর এল, ‘মুরগির ভুনা, চিংড়ির দোপেঁয়াজা, খাসির মাংস।’
অমনি সরসর করে জিভে পানি চলে এল। কিন্তু ভ্যাপসা গরমে এ ধরনের খাবার না খাওয়াই ভালো। তাই আবার অনুসন্ধান, ‘আর কী আছে?’
মো. মিলন নামের ওই কিশোর বলল, ‘৮০ রকমের ভর্তা আছে।’
এবার জিভের পানি পড়েই যায়!
কিশোর বলল, ‘আলু ভর্তা, শুকনা মরিচ ভর্তা, কুমড়া ভর্তা, টাকি ভর্তা, চ্যাপা শুঁটকি ভর্তা, ইলিশ ভর্তা, ছোট চিংড়ি ভর্তা, শিং মাছের ডিম ভর্তা, রুই মাছের ডিম ভর্তা। তবে সব ভর্তার নাম বলতে অনেক সময় লাগব।’
ফরমাশ দিতেই ছোট বাটিতে করে চলে এল বাহারি সব ভর্তা। এক চামচ করে চারপাশে সাজিয়ে মিলন ভর্তা নিয়ে এল। ভর্তার সঙ্গে উচ্ছে ভাজি।
ব্যস, আর যায় কোথা! গোগ্রাসে ভর্তা দিয়ে পেট পূজা চলল।
মুখরোচক ভর্তা দিয়ে কয়েক প্লেট ভাত খেয়ে আরও কিছু জানার ইচ্ছে জাগল মনে। তাই সোজা রন্ধনশালায় প্রবেশ। মালিক আবদুস সাত্তারের কাছে ভর্তার তালিকা চাইলে তিনি হাসিমুখে বললেন, ‘তালিকা তো করি নাই। তবে আপনারে বলতাছি।’
একটি টেবিলের সামনে নিয়ে প্রথমে ৮০টি ভর্তাভরা বাটি দেখালেন। বললেন, ‘ইলিশ ভর্তা, দেশি মুরগির মাংস ভর্তা, মাংস ভর্তা, লালশাক ভর্তা, আমলকি ভর্তা, আমড়া ভর্তা, ইমলি (তেঁতুল) ভর্তা, রসুন ভর্তা, বাদাম ভর্তা, কালিজিরা ভর্তা, কামরাঙা ভর্তা, টাকি মাছ ভর্তা, লাল মরিচ ভর্তা, কাঁচা মরিচ ভর্তা, কলার থোড় ভর্তা, কচু ভর্তা, আইড় মাছ ভর্তা, জলপাই ভর্তা, কতবেল ভর্তা, ধনেপাতা ভর্তা, কাঁচকলা ভর্তা, বেগুন ভর্তা, সরিষা ভর্তা...।’
ভর্তার নাম শুনে আর দেখে পেট আবার চঞ্চল হয়ে উঠল। তবে পেটে জায়গা না থাকায় নিজেকে নিবৃত্ত করা হলো। কিন্তু জানতে চাইলাম ভর্তার দাম।
আবদুস সাত্তার বলেন, ‘যেকোনো ভর্তার দাম ১০ টাকা করে। দামের কোনো রকমফের নেই।’ ভর্তার হোটেল দেওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমি অনেক হোটেলে কাজ করেছি। তখন দেখেছি মানুষ মাছ-মাংসের চেয়ে ভর্তা বেশি খেতে পছন্দ করে। ভর্তা দিয়ে খাবার খেতে ভালো লাগে। আবার খরচও কম। তাই আমি হোটেল দিছি। প্রতিদিন আধা মণ চাল রান্না করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হোটেল খোলা থাকে। ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা প্রতিদিন বেচা হয়। এই হোটেলের আয় দিয়ে আমার সংসার চলে।’
আবদুস সাত্তারের সুস্বাদু হোটেলটি কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে। এলাকাটির নাম ‘মালঞ্চ’। যেখানে নেই শহরের হুড়োহুড়ি। ঢাকা থেকে যেতে খুব বেশি সময় প্রয়োজন হয় না। মোহাম্মদপুরের বছিলা সেতু পাড়ি দিয়ে মাত্র আধঘণ্টার সময় লাগবে মালঞ্চে যেতে।