
২০১৫ সালে সিটি করপোরেশনের নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম। গতকাল তাঁর ওয়ার্ডের বিভিন্ন বিষয় নিয়ে মুঠোফোনে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি।
প্রথম আলো: ওয়াসার পানিসংকট নিরসনে কোনো উদ্যোগ নিয়েছেন?
কাউন্সিলর: এটা আমার ওয়ার্ডের প্রধান সমস্যা। মাঝেমধ্যে লাইনে পানি পেলেও তাতে প্রচুর ময়লা থাকে। এতে মহল্লার অসংখ্য মানুষ চর্মরোগে আক্রান্ত হয়েছে। এই সমস্যা নিরসনে ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ওয়াসার সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। কিন্তু কবে নাগাদ এই সমস্যা দূর হবে, তা জানি না।
প্রথম আলো: যানজট নিরসনে কী পদক্ষেপ নেবেন?
কাউন্সিলর: এই এলাকার যানজট নিরসনে দিনের বেলা বড় গাড়ি ঢোকা বন্ধের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু তা বাস্তবায়ন করতে গিয়ে বাধার সম্মুখীন হয়েছি। এখন তা নিরসনে আবার উদ্যোগ নেওয়া হবে।
প্রথম আলো: মৌলভীবাজার কমিউনিটি সেন্টার কবে নাগাদ নির্মাণ করা হবে?
কাউন্সিলর: এটি আমার ওয়ার্ডের একমাত্র কমিউনিটি সেন্টার। তাই তা দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ডিএসসিসির মেয়র। পুরোনো ভবনটি ভেঙে নয়তলা একটি আধুনিক কমিউনিটি সেন্টার নির্মাণ করা হবে। এই কমিউনিটি সেন্টারের নকশা তৈরির কাজ চলছে।
প্রথম আলো: জলাবদ্ধতা নিরসনে কী কী পদক্ষেপ নিয়েছেন?
কাউন্সিলর: ডিএসসিসির একটি পাইলট প্রকল্পের অধীনে আমার ওয়ার্ডের ৯০ ভাগ জলাবদ্ধতা নিরসন করেছি। বাকি ১০ ভাগও কমিয়ে আনা হবে।
প্রথম আলো: গত দুই বছরে কী কী উন্নয়ন কাজ করেছেন?
কাউন্সিলর: আমি নির্বাচিত হওয়ার কিছুদিন পরই আমার ওয়ার্ডের ৮০ ভাগ সড়ক সংস্কার করেছি। এখনো কয়েকটি সড়ক সংস্কার প্রক্রিয়াধীন আছে। প্রতিটি সড়কে এলইডি বাতি লাগানো হয়েছে।