৮০ শতাংশ অসংক্রামক ব্যাধির বোঝা উন্নয়নশীল দেশের ঘাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনস্বাস্থ্য ও নগর বিশেষজ্ঞরা বলেছেন, অসংক্রামক ব্যাধি প্রতিরোধ ও মোকাবিলা এখন উন্নয়নের বিষয়, শুধুস্বাস্থ্যের বিষয় নয়। অসংক্রামক ব্যাধির ৮০ শতাংশ বোঝা বইতে হয় বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে। কিন্তু এ ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে আর্থিক বরাদ্দ তুলনামূলকভাবে কম।

আজ রোববার রাজধানীতে শুরু হওয়া ‘১২তম আন্তর্জাতিক নগর স্বাস্থ্য সম্মেলন ২০১৫’-এর উদ্বোধনী দিনের প্রথম অধিবেশনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চার দিনের এই সম্মেলন যৌথভাবে আয়োজন করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর আরবান হেলথ, বেসরকারি প্রতিষ্ঠান অ্যামিনেন্স, বাংলাদেশ আরবান হেলথ নেটওয়ার্ক, নিউইয়র্ক একাডেমি অব মেডিসিন এবং আরবার প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি প্রোজেক্ট।

সম্মেলনের প্রথম প্ল্যানারি অধিবেশনে নরওয়ের অসলো বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড সোসাইটির অধ্যাপক ও ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশনের ভাইস-প্রেসিডেন্ট আখতার হোসাইন বলেন, উন্নয়নশীল দেশগুলোতে ডায়াবেটিস, হৃদ্‌রোগ, ক্যানসার, স্থূলতা, উচ্চরক্তচাপ, শ্বাসতন্ত্রের জটিলতা-এসব অসংক্রামক ব্যাধি (নন-কমিউনিকেশন ডিজিজ বা এনসিডি) নির্ণয় ব্যবস্থা ও চিকিৎসা অবকাঠামো দুর্বল। বর্তমানে ৬০ শতাংশ মৃত্যু হচ্ছে এনসিডিতে। কিন্তু এনসিডি প্রতিরোধ ও মোকাবিলায় আন্তর্জাতিকভাবে বরাদ্দ কম। অথচ তুলনায় কমসংখ্যক মানুষ এইডসে আক্রান্ত হলেও ওই খাতে বরাদ্দ অনেক বেশি।

একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে আখতার হোসাইন বলেন, মানুষ কয়েক বছর অপুষ্টিতে ভুগলে কোনো না কোনো অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়। এ জন্য পুষ্টিকর খাবার খাওয়া ও সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানো দরকার।

অ্যামিনেন্সেরে প্রধান নির্বাহী শামীম হায়দার তালুকদারের সভাপতিত্বে একই অধিবেশনে যুক্তরাষ্ট্রের এ্যাব্টস অ্যাসোসিয়েট ওমেন জর্জ বলেন, শহরগুলোর বস্তির মূল সমস্যা ঘনবসতি, দারিদ্র্য, দুর্বল পয়োনিষ্কাশনব্যবস্থা, অপুষ্টি, তথ্য ও জ্ঞানের ঘাটতি, অভিবাসন এবং দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থা। এসব কারণে বস্তির মানুষের রোগ-বালাই বেশি, এদের রোগ নির্ণয় দেরিতে হয় এবং এরা চিকিৎসা কম পায়।

কর্ণাটকের বস্তিতে যক্ষ্মা চিকিৎসার অভিজ্ঞতা বর্ণনা করে জর্জ বলেন, বস্তির মানুষ সচেতন হলে তাদের মধ্যে চিকিৎসার চাহিদা বাড়ে এবং চাহিদা অনুযায়ী সেবা দিতে পারলে বস্তির মানুষেরও স্বাস্থ্য ভাল থাকে।

এর আগে সম্মেলন আয়োজক কমিটির চেয়ারম্যান ধীরাজ কুমার নাথ বলেন, আন্তর্জাতিক নগর স্বাস্থ্য সম্মেলন এশিয়ার কোনো দেশে এই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। তিনি জানান, চার দিনের সম্মেলনে সাতটি প্ল্যানারি অধিবেশন, ৩১টি বিস্তারিত অধিবেশন এবং ২১টি বিশেষ অধিবেশন হবে। নিবন্ধনের কাগজপত্রে দেখা যায় এশিয়া, ইউরোপ, আফ্রিকা, আমেরিকা ও অস্ট্রেলিয়ার ৬৬টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। ২৭ মে ঢাকা ঘোষণার মধ্য দিয়ে এই সম্মেলন শেষ হবে।

সম্মেলন উদ্বোধনী বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বর্তমান সহস্রাব্দ নগরকেন্দ্রিক সহস্রাব্দ। তিনি বলেন, নগর পরিকল্পনায় অন্যান্য বিষয়ের সঙ্গে নীতিমালা মেনে ভবন নির্মাণ, খোলা পরিসর, পার্ক, চলাচলের যোগ্য যানবাহন রাস্তায় নামানোর মতো বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে। স্পিকার বলেন, নগরকে শিশুবান্ধব করতে হবে।

পৃথক একটি অধিবেশনে নিউইয়র্ক একাডেমি অব মেডিসিনের প্রেসিডেন্ট জো আইভি বাফোর্ড নিউইয়র্ক শহরকে বয়োজ্যেষ্ঠ মানুষের বাসযোগ্য শহরে পরিণত করার এক উদ্যোগের বর্ণনা দেন। তিনি বলেন, ওই বাসিন্দাদের ৪৪ শতাংশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী। অভিবাসীদের ২৭ শতাংশের বয়স ৬৫ বছর বা তার কাছাকাছি। ঘর, যানবাহন, রাস্তা, বিপণিবিতান, পার্ক, সুইমিংপুল বয়োজ্যেষ্ঠ মানুষের উপযোগী করতে জনপ্রতিনিধি, গণমাধ্যম, ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে তাঁরা কাজ করছেন। এতে সাড়া মিলেছে, জ্যেষ্ঠ নাগরিকেরা সুবিধা পাচ্ছেন এবং শহরটিও আগের চেয়ে সুন্দর হয়েছে।
আজ বিভিন্ন অধিবেশনে নগর স্বাস্থ্য সেবায় বৈষম্য, নারী স্বাস্থ্য, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য, নগরে সরকারি স্বাস্থ্য সেবা নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা হবে।