চট্টগ্রামে ৮০ শতাংশ পোশাক তৈরির কারখানায়ই অগ্নিনির্বাপণের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত জনবল নেই। গত ডিসেম্বর মাসের শুরু থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত ফায়ার সার্ভিসের অভিযান থেকে এ পরিসংখ্যান পাওয়া যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক ও মিডিয়া সেলের সভাপতি মো. জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা এসব শিল্পপ্রতিষ্ঠানের পরিচালনা কর্তৃপক্ষকে ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে অনুরোধ জানিয়েছি। আমরা পর্যায়ক্রমে ৬ শতাংশ হারে প্রশিক্ষণ করার ব্যবস্থা নেব তাঁদের জন্য।’ ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রামে ৯১৬টি পোশাকশিল্প প্রতিষ্ঠান রয়েছে। ৩ ডিসেম্বর থেকে এসব শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণের ব্যবস্থা তদারকির জন্য ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ সরেজমিনে অভিযানে নামে। ১৩ জানুয়ারি পর্যন্ত ৭৩৫টি পোশাকশিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। এ সময়ে তাঁরা মাত্র ১২ শতাংশ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণে দক্ষ-প্রশিক্ষিত জনবলের খোঁজ পান। বাকি ৮৮ শতাংশ পোশাকশিল্প প্রতিষ্ঠানেই কোনো প্রশিক্ষিত লোকবল নেই। এ ব্যাপারে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারকদের প্রতিষ্ঠানের (বিজিএমইএ) প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, ‘আমরা আজ (বুধবার) থেকে অগ্নিনির্বাপণ বিষয়ে দুই দিনের উদ্বুদ্ধকরণ (অরিয়েন্টশন) কর্মসূচি হাতে নিয়েছি। দুই দিনে আমরা ১০০ জনকে প্রশিক্ষণের ব্যবস্থা নিয়েছি। ভবিষ্যতে প্রতি সপ্তাহে এ ধরনের কর্মসূচি পরিচালনা করা হবে।’