৮০ শতাংশ নির্বাচন কর্মকর্তা ছাত্রলীগের সাবেক নেতা: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, ‘অনেক কেন্দ্রেই ১৮ দল-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কারণ, নির্বাচন কর্মকর্তা হিসেবে যাঁরা আছেন, তাঁদের ৮০ শতাংশই ছাত্রলীগের সাবেক নেতা।’ আজ শনিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব অভিযোগ করেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গাজীপুর সিটির অধীনে যে ১৬টি থানা আছে, সেসব থানার ১৪ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাই (ওসি) আওয়ামী লীগ-সমর্থিত। তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি, গাজীপুরের একটি কেন্দ্রে পুলিশের বাশার নামের একজন উপপরিদর্শক (এসআই) ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লার ব্যালটে সিল মেরেছেন। একটি গণতান্ত্রিক দেশে এটা কখনো কাম্য হতে পারে না। তবে তাঁদের জনরায় ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা জনগণই প্রতিহত করবে।’ মির্জা ফখরুল বলেন, ‘ভোটের প্রক্রিয়া খুব ধীরগতিতে এগোচ্ছে। এতে ভোটাররা নির্ধারিত সময়ের মধ্যে ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।’ গাজীপুরের ২০ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা শুক্কুর আলীকে আটক করার তীব্র নিন্দা জানান ফখরুল। এতে ভোটের সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এর আগে ৩ জুলাই আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আমানত হোসেন খান রিটার্নিং কর্মকর্তা মতিয়ার রহমানের কাছে ৩৪ জন নির্বাচন কর্মকর্তার বিষয়ে অভিযোগ করেন। আওয়ামী লীগের দাবি, ওই কর্মকর্তারা বিএনপি-জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। এর আগে বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নান ৮১ জন নির্বাচন কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ করেন।
এ নির্বাচনে নির্বাচন কর্মকর্তার সংখ্যা সাত হাজার ২৫৯। নির্বাচন পর্যবেক্ষণ করছেন এক হাজার ১০০ দেশী-বিদেশী পর্যবেক্ষক।