৮০ শতাংশ প্রবীণ ওষুধের দোকান থেকে চিকিৎসা নেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ষাটোর্ধ্ব নাগরিকের ৩৭ শতাংশের স্বাস্থ্য খারাপ বা খুবই খারাপ। এঁরা দুর্বলতা, পিঠের ব্যথা, আলসার/গ্যাস্ট্রিক, চোখে কম দেখা, রক্তচাপ, হাঁটুর ব্যথাসহ বিভিন্ন রোগের কথা বলেন। এঁদের ৯৭ শতাংশ কোনো না কোনো চিকিৎসা নেন, তবে ৮০ শতাংশ নেন ওষুধের দোকান থেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে গবেষণার ফল উপস্থাপন করা হয়। গবেষণায় আর্থিক সহায়তা দিয়েছে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। গবেষণায় সাত বিভাগের ৫৫ জেলায় ৬০ বছরের বেশি বয়সী ৬ হাজার ৩২৯ জনের তথ্য ও মতামত নেওয়া হয়েছে। এঁদের ৫৫ দশমিক ৭ শতাংশ মহিলা এবং ২৪ দশমিক ১ শতাংশ শহরের।

গবেষণায় দেখা গেছে, ৬৪ শতাংশ জ্যেষ্ঠ নাগরিক নিয়মিত পর্যাপ্ত খাবার আর ২৭ শতাংশ তাঁদের পছন্দের খাবার গ্রহণ করেন। আর ৬ শতাংশ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি গবেষকদের বলেছেন, তাঁরা পর্যাপ্ত খাবার পান না। তাঁদের বেশির ভাগেরই খাবার, আর্থিক সহযোগিতা ও স্বাস্থ্য সহায়তা তাঁদের ছেলেদের কাছ থেকে পান।

গবেষণায় আরও দেখা গেছে, ৬১ শতাংশ প্রবীণ বিষণ্নতায় ভোগেন। আর বিষণ্নতার সময় এঁদের বেশির ভাগই স্বামী-স্ত্রীর কাছে মানসিক সহায়তা পান।

ফলাফল উপস্থাপনা অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, বয়স্ক লোকদের ব্যাপারে যত্নবান হওয়ার পাশাপাশি তাঁদের প্রতি সব সময় সহানুভূতি দেখাতে হবে।

গবেষণায় দেখা গেছে, ৮০ শতাংশ বয়োজ্যেষ্ঠই তাঁদের অবসর সময় উপভোগ করতে বাধার সম্মুখীন হন। উত্তরদাতাদের ৬৬ শতাংশের বেশি বলেছেন, তাঁরা পরিবারের লোকদের দ্বারা নিগৃহীত ও শোষণের শিকার হন। এঁদের ১০ জনের ৯ জনই মনে করেন, তাঁরা সামাজিক নিরাপত্তা ভাতা পাওয়ার যোগ্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকার ইউএনএফপিএর ডেপুটি রিপ্রেজেনটেটিভ আইওরি কাতো।