নগর স্বাস্থ্যসেবা নিয়ে আইসিডিডিআরবির গবেষণা
৮০ শতাংশ সরকারি চিকিৎসক বেসরকারি প্রতিষ্ঠানে যুক্ত
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) এক গবেষণায় দেখা গেছে, ৬২ শতাংশ চিকিৎসক ব্যক্তিমালিকানাধীন হাসপাতাল ও ক্লিনিকে কাজ করেন। অন্যদিকে সরকারি খাতের ৮০ শতাংশ চিকিৎসকও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানে কাজ করেন।
নগর স্বাস্থ্যসেবায় বেসরকারি খাতের ভূমিকা নিয়ে আইসিডিডিআরবির এই গবেষণা ফলাফল গতকাল সোমবার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক কর্মশালায় উপস্থাপন করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) হিসাবমতে, দেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ৭৩ হাজার ৩০০।
সেপ্টেম্বর ২০১৩ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত ঢাকা, খুলনা ও সিলেট সিটি করপোরেশন এলাকার বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তথ্য আইসিডিডিআরবির গবেষকেরা সংগ্রহ করেছেন। এতে হাসপাতাল ও ক্লিনিকের ৪৭ জন মালিক, ২০ জন স্বাস্থ্য ব্যবস্থাপক ও ২০ জন রোগীর সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ছাড়া ৩০টি প্রতিষ্ঠানের ওপর পর্যবেক্ষণ তথ্য গবেষণায় ব্যবহার করা হয়েছে।
গবেষকেরা বলছেন, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে সার্বক্ষণিক চিকিৎসক রাখা বড় ধরনের চ্যালেঞ্জ। অস্ত্রোপচারের সময় চিকিৎসকের উপস্থিতি প্রায় নিশ্চিত থাকে। ক্লিনিকগুলো মূলত সরকারি খাতের চিকিৎসকদের ওপর নির্ভরশীল। দেশের আইনে বলা আছে, ইন্টার্ন চিকিৎসকেরা নিজের প্রতিষ্ঠানের বাইরে রোগী দেখতে পারবেন না। কিন্তু অনেক বেসরকারি ক্লিনিকে ইন্টার্ন চিকিৎসকেরা রোগী দেখেন।
ঢাকা সিটি করপোরেশনের একটি হিসাব এতে দেওয়া হয়েছে। ওষুধের ও চশমার দোকান বাদ দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের সংখ্যা ৭ হাজার ৩৪৭টি। প্রতি এক লাখ মানুষের জন্য সরকারি-বেসরকারি মিলিয়ে হাসপাতাল বা ক্লিনিক আছে ১০৫টি।
অনুষ্ঠানে জানানো হয়, আইসিডিডিআরবির সেন্টার ফর ইক্যুইটি অ্যান্ড হেলথ সিস্টেমস এই গবেষণা করেছে। এতে অর্থায়ন করেছে ব্রিটেনের দাতা সংস্থা ডিএফআইডি। আটজন গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন আনোয়ার ইকবাল।
এমন ধারণা প্রচলিত আছে যে, ওষুধ কোম্পানিগুলো চিকিৎসকদের একটি অংশকে দিয়ে ব্যবস্থাপত্রে নিজেদের ওষুধ লিখিয়ে নেয়। কিন্তু গবেষণায় দেখা গেছে, ওষুধ কোম্পানির সঙ্গে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর যৌথ লাভের সম্পর্ক গড়ে উঠছে। এতে চিকিৎসার ক্ষেত্রে লাভ ও ক্ষতি—দুটোই হতে পারে। চিকিৎসকেরা কোম্পানি থেকে ওষুধ সম্পর্কে হালনাগাদ তথ্য পান, আর প্রতিষ্ঠানের ওষুধ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত হয়। কিন্তু একই ধরনের ওষুধ ব্যবহারের চাপ থাকার কারণে কিছু জীবাণু ওষুধ-প্রতিরোধী হওয়ার আশঙ্কা থাকে। অন্যদিকে বাধ্য হয়ে কিনতে হয় বলে রোগীর খরচের বোঝা বড় হতে পারে।
গবেষকেরা বলছেন, চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক বড় ভূমিকা রাখলেও এই খাতে জনবলের স্বল্পতা একটি বড় সমস্যা। সিলেটের ২০ ও খুলনায় ৩০ শতাংশ প্রতিষ্ঠানে সার্বক্ষণিক চিকিৎসক থাকেন না। দিনে চিকিৎসকস্বল্পতা বেশি প্রকট। উচ্চশিক্ষার সঙ্গে চিকিৎসকস্বল্পতার একটি সম্পর্ক আছে বলে গবেষকেরা মনে করেন। যেমন খুলনায় স্নাতকোত্তর ডিগ্রির কোনো ব্যবস্থা নেই। তরুণ চিকিৎসকেরা ঢাকায় বা চট্টগ্রামে চলে যান। তাই এই শহরে তরুণ চিকিৎসক তুলনামূলক কম।