৮০ শতাংশ সামাজিক অপরাধ ঘটে মাদকের কারণে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে প্রতিবছর যত সামাজিক অপরাধ হয়, তার ৮০ শতাংশের কারণ হচ্ছে মাদক। দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার ক্ষেত্রেও এটি একটি বড় প্রতিবন্ধকতা। কিন্তু এককভাবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে দেশকে মাদকমুক্ত করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন জনসচেতনতা ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সোচ্চার অবস্থান। সচেতনতার এই কাজটি শুরু করতে হবে নিজ পরিবার থেকেই। তা হলেই পরবর্তী সময়ে এটি একটি সামাজিক আন্দোলনে রূপ নেবে।
গতকাল শনিবার রাজধানীর ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জানুয়ারি মাসজুড়ে দেশব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণার অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর উপ-অঞ্চল এই আলোচনা সভার আয়োজন করে।
সভায় অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার রাকিবুর রহমান বলেন, অবৈধ মাদক আমদানির সঙ্গে দেশে মাদকাসক্ত ব্যক্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। শিক্ষার্থীদের মধ্যে মাদক গ্রহণের প্রবণতা চোখে পড়ার মতো। এই প্রবণতা বন্ধে পরিবারের সদস্যদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। মাদক পাচারের সঙ্গে জড়িত কোনো চক্রের খোঁজ দিতে পারলে সেই ব্যক্তির পরিচয় গোপন রেখে পুরস্কৃত করার ঘোষণাও দেন তিনি।
খোঁজ দেওয়ার জন্য ০১৭০৮৯০৪৪৫৪—এই নম্বরে যেকোনো সময় যোগাযোগের পরামর্শ দেন পুলিশের উপমহাপরিদর্শক সৈয়দ তৌফিক উদ্দীন আহমেদ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. আবদুল বাতেন মাদক পাচার বন্ধে পুলিশ, র্যাব, কোস্টগার্ড, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বলেন, একটি ইয়াবাও যেন পাচার না হয়, সে ব্যাপারে দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করতে হবে।
সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক পরিচালক আবু তালেব বলেন, ২০০৫ সালে প্রথমবারের মতো ১২৮টি ইয়াবা আটক করা হয়েছিল। ১০ বছর পর ২০১৫ সালে এক বছরেই আটক ইয়াবার সংখ্যা ২৫ লাখ ছাড়িয়েছে। যে প্রবণতা চলছে, তাতে চলতি বছরে এই সংখ্যা কোটি ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
সভায় আরও বক্তব্য দেন নাট্য পরিচালক জিনাত হাকিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা ও পুনর্বাসন) মফিদুল ইসলাম ও ঢাকা মহানগর উপ-অঞ্চলের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা ও ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন।
বক্তারা প্রচলিত মাদকের বাইরে অপ্রচলিত মাদকের বিস্তারের প্রতিও সবার দৃষ্টি আকর্ষণ করেন। তাঁরা বলেন, মাদকের সর্বব্যাপী বিস্তার রোধে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। এ জন্য জনপ্রতিনিধিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান তারকারা।