৮০ হকারের গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেলের টুংটাং শব্দে সচকিত হয়ে তাকালাম। তখনো ভোরের আলো ফোটেনি। কুয়াশা ভেদ করে শেষ রাতের চাঁদের আলোতে আবছা দেখা যায়। কিন্তু বেশি দূর চোখ যায় না। শীতের হিম হাওয়া গরম কাপড় ভেদ করে কামড় বসাচ্ছে গায়ে। সাইকেলে চেপে একদল লোক এসে থামল সামনে। স্থানটা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচর। হাঁকডাকে মুহূর্তেই সরগরম হয়ে উঠল এলাকাটা। মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধজয়’ পার হয়ে নূরজাহান প্লাজায় ঢুকল সবাই। ঢাকা থেকে আসা পত্রিকার স্তূপ রাখা আছে সেখানে। স্তূপ থেকে পত্রিকার বান্ডিল নিয়ে একে একে রওনা হলো সবাই।হ্যাঁ, তাঁরা সবাই সংবাদপত্রের হকার। বাড়ি বাড়ি, অফিস-আদালত, দোকানপাটে সংবাদপত্র বিলি করে বেড়ান তাঁরা। রোদ-বৃষ্টি, ঝড়-ঝঞ্ঝা, কনকনে ঠান্ডা উপেক্ষা করে নিরন্তর তাঁদের পথচলা। এই হিম শীতেও তাঁদের চোখে-মুখে হাসির আভাস। একে অন্যের সঙ্গে ঠাট্টা-তামাশা করছেন। আর ব্যস্ত হাতে পত্রিকা বাঁধছেন। তাঁদের অধিকাংশের বাড়ি আদর্শ সদর উপজেলার বড়দৈল গ্রামে। গ্রামটিতে ৮০ জন হকারের বাস। সেই ষাটের দশক থেকে এ গ্রামের মানুষ পত্রিকা বেচে জীবিকা নির্বাহ করছে। বছরের পর বছর এ পেশায় থেকে অনেকে করেছে বাড়ি-গাড়ি। বড়দৈল গ্রামের মতো হকার সম্ভবত বাংলাদেশের আর কোনো গ্রামে নেই—এলাকাবাসী এমনটাই দাবি করেছে।৪৪ বছর ধরে এ পেশায় আছেন বড়দৈল গ্রামের আবদুল মান্নান ওরফে মোহন মিয়া (৫৭)। পাঠক, চলুন, তাঁর মুখেই শুনি তাঁর জীবনকাহিনি। ‘তখন আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র। সাত ভাইবোনের সবার ছোট ছিলাম। পড়াশোনায় ছিলাম ভালো। কিন্তু পরিবারের সদস্যদের অবহেলা আমাকে পড়াশোনা থেকে বিরত রাখে। তখন কোটবাড়ির পত্রিকা বিক্রেতা এক ভদ্রলোক এ কাজ ছেড়ে দেবেন। আগে থেকে পরিচয় থাকায় তিনি আমাকে কাজটা নিতে বলেন। মাসে বেতন ৩৫ টাকা। আর এখন মাসে পত্রিকা বিক্রি করে ২৫ হাজার টাকা রোজগার করি। এ পেশায় থেকেই এক ছেলেকে সৌদি আরবে পাঠিয়েছি। আরেকজনকে অটোরিকশা কিনে দিয়েছি। বাকি দুই ছেলে আমার সঙ্গেই পত্রিকা বিক্রি করে।’ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার আলেখারচর মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘যুদ্ধজয়’ থেকে দেড় কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের গ্রামটি হচ্ছে বড়দৈল। দেশের আর দশটা গ্রামের চেয়ে এ গ্রাম যেন একটু আলাদা। দুই পাশে ধানিজমি, সবুজে ঘেরা বৃক্ষরাজি আর পিচঢালা পথ; পথের দুই পাশে দালানকোঠার সারি। যেন গ্রামের মধ্যে এক টুকরো ‘শহর’। গ্রামের বেশির ভাগ লোকই অবস্থাসম্পন্ন। তবে উত্তরপাড়ার অবস্থা কিছুটা নাজুক। ওই পাড়াসহ গ্রামের অনেক অর্ধশিক্ষিত ও শিক্ষিত বেকার তরুণ পত্রিকা বিক্রির পেশায় নেমেছে। সকালে পত্রিকা বেচে দুপুর থেকে অন্য কাজ করে তারা।ওই গ্রামের বাসিন্দা কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্ট এলাকার আজাদ নিউজ স্টোরের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমার বাবা আবদুল লতিফ ভূঁইয়া ৩৫ বছর ধরে এ ব্যবসা করছেন। স্নাতকোত্তর প্রিলিমিনারি পরীক্ষা দেওয়ার পর আর পড়া হয়নি। বাবার বয়স হওয়ায় ব্যবসাটা এখন আমিই দেখছি। ভাইগুলোকে বিদেশে পাঠিয়েছি।’ একই গ্রামের আহমেদ মিয়া বলেন, ‘পত্রিকা বিক্রি করে পাঁচ ছেলেমেয়েকে নিয়ে দিন কেটে যাচ্ছে।’কুমিল্লা শহরের মনোহরপুরের পত্রিকা এজেন্সি নিউজ স্টোরের মিজানুর রহমান, সাইফুর রহমান ও মাহফুজুর রহমান বলেন, ‘বড়দৈল গ্রামের ওই হকাররাই আমাদের ব্যবসাকে চাঙা রেখেছে।’ একই মন্তব্য করেন শহরের সংবাদ বিচিত্রা স্টোরের রনজিত দাস। কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন-এর সম্পাদক আবুল হাসানাত বলেন, ‘শহরের অদূরে বড়দৈল গ্রামের ছেলেরা বংশানুক্রমিকভাবে পত্রিকা বিক্রি করে আসছে। এতে তারা স্বাবলম্বী হচ্ছে।’পত্রিকাবিক্রেতা ও কুমিল্লা সংবাদপত্র হকার সমিতির সভাপতি আবদুল মান্নান জানান, ‘অনেক আন্দোলন আর সংগ্রাম করে আমরা এজেন্সির কাছ থেকে পত্রিকা বিক্রির কমিশন আদায় করে থাকি। ১৯৭৭ সালে মালিকপক্ষ শতকরা ১৫ টাকা কমিশন দেয়। ১৯৯২ সালে সেটা ২০ টাকা করা হয়। সর্বশেষ ২০০১ সালে শতকরা ২৫ টাকা করা হয়।’ এতসবের মধ্য দিয়ে সুন্দর ভবিষ্যতের পথে এগিয়ে চলেছেন বড়দৈল গ্রামের হকাররা।