৮০ হাজার জেলের পরিবারে ঈদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে প্রায় ৮০ হাজার জেলের পরিবারে এবার ঈদ হয়নি। বঙ্গোপসাগরে জলদস্যুরা বেপরোয়া হয়ে ওঠায় ঈদের বেশ কিছু দিন আগে থেকেই অনেক জেলের মাছ ধরা বন্ধ হয়ে পড়ে। ফলে এসব জেলের পরিবারে অভাব অনটন লেগে আছে।মহেশখালীর গোরকঘাটার জেলে আমির হোসেন, নুনিয়াছটার সৈয়দ করিম ও আনোয়ার হোসেন জানান, জলদস্যুদের এত বেপরোয়া তৎপরতা গত ১০ বছরেও লক্ষ করা যায়নি। টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ থেকে উত্তরে কুতুবদিয়া পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার এলাকার উপকূলজুড়ে অন্তত সশস্ত্র ৩০টি দস্যুদল ট্রলার থেকে মাছ, জালসহ অন্যান্য মালামাল লুট করছে। আগে দস্যুরা মাছ, জাল, ইঞ্জিন লুট করে নিয়ে যেত। আর এখন তারা জেলেদের সাগরে নিক্ষেপ করে ট্রলার নিয়ে উধাও হচ্ছে। এই পরিস্থিতিতে সাগরে নামা নিরাপদ মনে করছেন না জেলেরা। এ কারণে প্রতিটি জেলে পরিবারে দেখা দিয়েছে অভাব-অনটন।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জেলে জানান, মহেশখালীর সোনাদিয়ার মোবারক হোসেন ওরফে জাম্বু ডাকাতের নেতৃত্বে ২০ জনের সশস্ত্র একটি দস্যুদল প্রতিনিয়ত সাগরে লুটপাট চালাচ্ছে। এ ছাড়া সোনাদিয়া, ঘটিভাঙ্গা, নুর হোসেন, ফারুক, জসিম, জাকের, আঞ্জু, রফিক, ছাদেক ও মোজাফ্ফর বাহিনীর অন্তত দুই শতাধিক দস্যু ট্রলারে লুটপাট চালাচ্ছে। দস্যুদের বেশির ভাগ সদস্য রোহিঙ্গা। সোনাদিয়া দ্বীপের এক জনপ্রতিনিধি পুলিশকে হাত করে দস্যুদলের অপতৎপরতা নিয়ন্ত্রণ করে।অভিযোগ অস্বীকার করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার জানান, দস্যুদের ধরার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।কুতুবদিয়া ফিশিং ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, দস্যুদের অপতৎপরতার কারণে দুই সপ্তাহ ধরে এই উপজেলার পাঁচ শতাধিক ট্রলারের প্রায় সাত হাজার জেলে সাগরে নামতে পারছেন না। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত দুই সপ্তাহে টেকনাফ, সেন্ট মার্টিন, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া এলাকার ৬০টির বেশি ট্রলারে লুটপাটের ঘটনায় দেড় শতাধিক জেলে আহত হয়েছেন। জেলার প্রায় সাত হাজার ট্রলারে এক লাখের মতো জেলে- শ্রমিক রয়েছেন। দস্যুদের অপতৎপরতার কারণে সাগরে মাছ ধরতে যেতে না পারায় ৮০ হাজার জেলে পরিবার অভাব-অনটনে আছে। তাই এবার তারা ঈদ করতে পারেনি।ট্রলার মালিকেরা জানান, উপকূলে পুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও নৌবাহিনীর টহল বাড়ানো, জলদস্যুদের গ্রেপ্তার এবং জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে জেলার জেলে ও ট্রলার মালিকেরা আন্দোলন করছেন।সাগরে জলদস্যুদের অপতৎপরতা বাড়ার সত্যতা নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম জানান, পুলিশ সম্প্রতি বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাগরে দস্যু-তৎপরতায় জড়িত ৩০ জনের বেশি দস্যুকে আটক করেছে। তিনি জানান, সাগর এলাকা পুলিশের আওতাবহির্ভূত। তাই সেখানে ডাকাতি হলে পুলিশ মামলা নিতে পারে না।