৮০ হাজার টাকার বনসাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলায় আসা ক্যাকটাস ষ ছবি: প্রথম আলো
রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলায় আসা ক্যাকটাস ষ ছবি: প্রথম আলো

একটি পাকরো বনসাই বিক্রি হয়েছে ৮০ হাজার টাকায়। গতকাল সোমবার এ বনসাই বিক্রি করেছে বিএলএফ নার্সারি। এ ছাড়া রয়েছে হাজারো অর্কিডের ভিড়। কিন্তু দামের কারণে ভিড়ছেন না ক্রেতারা। রয়েছে ঝুমকো লতা ক্যামেলিয়া, জেসমিন, জুঁই, চামেলি, কামিনী। পিছিয়ে নেই ফলের গাছের বাহার। রাজধানীর বাসিন্দারা যেন নিজেদের ছোট্ট বারান্দায় গাছ লাগাতে পারেন, সেভাবেই ফুল ও ফলের গাছ বিক্রি হচ্ছে বৃক্ষমেলায়। 
রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলা শুরু হয়েছে ৫ জুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুরু হওয়া মাসব্যাপী এ মেলার স্লোগান ‘গাছ লাগিয়ে ভরব দেশ, তৈরি করব সুখের পরিবেশ’।
মেলায় ছোট-বড় মিলিয়ে ১১০টি স্টল। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠান রয়েছে ১৯টি, বেসরকারি তিনটি, ব্যক্তিমালিকানাধীন ৭৩টি। আর ১২টি স্টলে বিভিন্ন ধরনের বনজ মধু, ওষুধ, বাঁশ ও বেতের তৈরি আসবাব এবং প্লাস্টিক ও মাটির তৈজসপত্র বিক্রি হচ্ছে।
মেলার বন অধিদপ্তরের তথ্যকেন্দ্র থেকে জানা যায়, গতকাল পর্যন্ত ১৩ লাখ ১৯ হাজার ৯৬৮টি গাছ বিক্রি হয়েছে। তথ্যকেন্দ্রে কর্মরত কর্মকর্তা নার্গিস সুলতানা প্রথম আলোকে জানান, এক কোটি ২৯ লাখ ৭৯ হাজার টাকার গাছ বিক্রি হয়েছে। তিনি জানান, মেলায় সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল ও ফুলের গাছ। এর মধ্যে আনন্দ নার্সারিতে কিউ জাই জাতের আমের চারা বিক্রি হয়েছে ৩৮ হাজার টাকায়। এ ছাড়া বিভিন্ন জাতের আমের চারা বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে পাঁচ হাজার টাকার মধ্যে।
মেলা দেখতে এসেছিল এমিলি আক্তার। আগারগাঁওয়ের একটি স্কুলে পড়ে। কিন্তু নানা ধরনের গাছ দেখে সে এতই মুগ্ধ যে না কিনে পারছে না। বলল সে কথা, ‘কিছু ফুল দেখে অবাক হয়ে গেছি, যেমন ঝুমকো লতা ও ক্যামেলিয়া। এগুলোর কথা বইয়ে পড়েছি কিন্তু আজ দেখলাম।’
ইবরাহিম হারবাল অ্যান্ড কোম্পানির স্টলে বিশেষভাবে সাজানো এলাচি, নাশপাতি, দারুচিনি, গোলমরিচ, জামরুল, জলপাই, লটকনসহ নানা জাতের চারা। এসবের দাম ১৫০ থেকে ৪৫০ টাকা পর্যন্ত।
সংসারী নারী-পুরুষেরা একটু বেশি সময় নিয়ে ঘুরে ঘুরে গাছ কিনছেন। ক্রেতা ফাতেমা-তুজ-জোহরার সঙ্গে ডালাভর্তি গাছ। তিনি বলেন, ‘প্রতিবছর মেলা থেকেই গাছ কিনি। তবে এ বছর দাম বেশি রাখছেন বিক্রেতারা।’

রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলায় আসা করমচা ষ ছবি: প্রথম আলো
রাজধানীর আগারগাঁওয়ে বৃক্ষমেলায় আসা করমচা ষ ছবি: প্রথম আলো

বিএলএফ নার্সারির বিক্রেতা মোহাম্মদ রানা জানান, দেশি-বিদেশি নানা জাতের গাছ, যেমন আমেরিকান চেরি, মিসরীয় ডুমুর, লঙ্করবাট, মিষ্টি লেবু, তিন রঙের পাকিস্তানি আঙুরসহ বিভিন্ন গাছের চারার দাম আকার অনুযায়ী ৫০ টাকা থেকে ১২ হাজার টাকা পর্যন্ত।
অর্কিডপ্রিয় শিউলি আরা বলেন, এ বছর অর্কিডের দাম খুব বেশি। ছোট অর্কিডগুলোই ২৫০ টাকা।
সুমী নার্সারির বিক্রেতা নজরুল আলী বলেন, বেলি, চামেলি, জুঁই ও জেসমিনের চাহিদা বেশি। বিভিন্ন আকারের এসব ফুলের চারার দাম ১৫০ থেকে ৭০০ টাকা।