পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা শহরের ৪০০টি স্থানে গতকাল শুক্রবার চালানো হয়েছে দেশের প্রথম ভিক্ষুক জরিপ। ভিক্ষুকদের পুনর্বাসন, উপার্জনের পথ দেখানো এবং কারিগরি শিক্ষা দেওয়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এ প্রকল্পের লক্ষ্য।ঢাকা শহরের ৪০০টি স্থানে সকাল থেকে শুরু হয় ভিক্ষুক জরিপ। ১০টি বেসরকারি সংস্থা এ জরিপ চালানোর কাজে অংশ নেয়। প্রত্যেক ভিক্ষুক পেয়েছেন ২৫ টাকা। টাকা পেয়ে অনেকে জরিপকর্মীদের সঙ্গে মন খুলে কথা বলেছেন। ৪০০ জন তথ্য সংগ্রাহক এবং ৪০০ জন আলোকচিত্রী ভিক্ষুকদের নাম-ঠিকানা ও ছবি সংগ্রহ করেছেন।সমাজকল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, পরিকল্পনামতো গতকাল ১০টি বেসরকারি সংস্থা ১০ হাজার ভিক্ষুকের নাম-ঠিকানা জোগাড় করেছে। তাঁদের মধ্য থেকে দুই হাজার ভিক্ষুককে পুনর্বাসন করা হবে। এ ছাড়া অক্ষম, প্রতিবন্ধী ও পঞ্চাশোর্ধ্বদের সরকারের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচিতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ভিক্ষুক জরিপ উপলক্ষে গতকাল রাজধানীতে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মন্ত্রী বলেন, ঢাকা সিটি করপোরেশন এলাকায় জরিপের মাধ্যমে দেশব্যাপী ভিক্ষুক জরিপ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য এলাকায় এ জরিপ পরিচালিত হবে। তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হলে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনার বিকল্প নেই।’ সরকারি এ উদ্যোগের প্রেক্ষাপটে রাজধানীর কয়েকজন ভিক্ষুক প্রথম আলোকে জানিয়েছেন, ভিক্ষা করে প্রতিদিন গড়ে ২০০ টাকার বেশি পাওয়া যায়। এ হিসাবে মাসে আয় কমপক্ষে ছয় হাজার টাকা। কয়েকজন ভিক্ষুক বলেছেন, তাঁরা নগদ এ টাকা পেলে আর ভিক্ষা করবেন না।এই প্রতিবেদক গতকাল জাতীয় সংসদ ভবন এলাকায় দুজন ভিক্ষুকের সঙ্গে কথা বলেন। গাইবান্ধার কাসেম জানান, ঢাকায় ১০-১৫ দিন ভিক্ষা করে তিনি বাড়ি যান। কিছুদিন থেকে আবার ঢাকায় আসেন। ভিক্ষার উপার্জন দিয়ে স্ত্রী ও প্রতিবন্ধী শিশুর খরচ চালান। দুর্ঘটনায় তিনি নিজেও এক পা হারিয়েছেন। কাসেম জানান, দৈনিক তাঁর আয় ২০০ টাকার বেশি। ভোলার রতন (৬৮) ১১ বছর ধরে ঢাকায় ভিক্ষা করছেন। তিনি বললেন, ঘরবাড়ি নদীতে চলে গেছে। স্ত্রী-সন্তান কেউ নেই। রতন বলেন, সরকার থাকার জায়গা ও ভরণপোষণ দিলে ভিক্ষা করা ছেড়ে দেবেন।মানবাধিকার সংগঠনগুলো ভিক্ষুক জরিপের প্রতিবাদ জানিয়ে তা বন্ধের দাবি জানিয়েছে। ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র-আসক, অ্যাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্ট-এডিসি, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট-ব্লাস্ট এবং নিজেরা করি এ বিষয়ে মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ চেয়ে বলেছে, এ ধরনের জরিপ মানবাধিকার পরিপন্থী। মানবাধিকারকর্মীদের কেউবা বলেছেন, ভিক্ষাবৃত্তি ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিধানে আইনবিরুদ্ধ হওয়ায় ভিক্ষুক হিসেবে কারও নিবন্ধিত হওয়া তাঁর গায়ে এক ধরনের অপরাধের তকমা দেবে।