৮০০ কোটি টাকার নতুন নোট ছেড়েছে বাংলাদেশ ব্যাংক
ঈদের সময় নতুন নোটের চাহিদা বেড়ে যায়। তাই ঈদ সামনে রেখে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখার মাধ্যমে এবার ৮০০ কোটি টাকার বেশি নতুন নোট ছাড়া হয়েছে।বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম শাখা সূত্র জানায়, ২, ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট ছাড়া হয়েছে ১১৩ কোটি টাকার। বাকি সব ৫০০ ও এক হাজার টাকার নোট। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, চট্টগ্রাম অঞ্চলের বাণিজ্যিক, সরকারি ও বেসরকারি ৪৭টি ব্যাংকের ফিডিং শাখাকে নতুন নোট সরবরাহ করা হয়েছে। ফিডিং শাখাগুলো নিজ নিজ আঞ্চলিক শাখায় নতুন নোট সরবরাহ করেছে। বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম শাখার উপমহাব্যবস্থাপক মোস্তাফিজুর কবির প্রথম আলোকে বলেন, ‘আমরা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে দুই হাজার ২০০ কোটি টাকা চেয়েছিলাম। পেয়েছি মাত্র ৭৫০ কোটি টাকার মতো। আগের জমা নতুন নোট ছিল আরও প্রায় ২০০ কোটি টাকা। এর মধ্যে ৮০০ কোটি টাকার বেশি সরবরাহ করা হয়েছে।’সূত্র জানায়, ঈদের সময় ১০, ২০ ও ৫০ টাকার নোটের চাহিদা বেশি থাকে। কিন্তু অনেক ব্যাংককে চাহিদা অনুযায়ী এসব নোট সরবরাহ করা সম্ভব হয়নি। সূত্র জানায়, চট্টগ্রামের ব্যাংকগুলো গ্রাহকদের চাহিদা অনুযায়ী নোট সরবরাহ করতে পারেনি। এতে অনেক গ্রাহক অসন্তোষ প্রকাশ করেছেন। সিটি ব্যাংকের ওআর নিজাম রোড শাখার ব্যবস্থাপক মো. নেয়ামত উল্লাহ বলেন, ‘গ্রাহকদের চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ দিতে পারিনি বলে অনেকে আমার কাছে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরাও নতুন টাকার পেছনে ছুটতে গিয়ে আট-দশ দিন সময় নষ্ট করেছি। তবু গ্রাহকদের সন্তুষ্ট করতে পারিনি।’