৮০০ গ্রাহক রাইজার পাচ্ছেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন আগামী দুই মাস শহরের ‘রোড কাটিং’ (রাস্তা খোঁড়া) করতে দেবে না। নগরে এই দুই মাস গ্যাস-সংযোগের রাইজার উত্তোলনও বন্ধ থাকবে। এতে বাজেটে বরাদ্দ থাকলেও গত মেয়াদের প্রায় ৮০০ জন গ্রাহকের রাইজারের বরাদ্দ বাতিল হয়ে যাচ্ছে। এখন এই গ্রাহকদের ২০১৫-১৬ অর্থবছরের বরাদ্দের দিকে তাকিয়ে থাকতে হবে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে কোম্পানিকে জানিয়ে দেওয়া হয়েছে, ৩০ আগস্ট পর্যন্ত রাজশাহী নগরের মধ্যে গ্যাস-সংযোগের জন্য রাস্তা খোঁড়া যাবে না। এই চিঠি পাওয়ার পর থেকে অর্থাৎ ৩ জুলাই থেকেই সড়ক খোঁড়া বন্ধ করে দেওয়া হয়েছে। এই চিঠি পাওয়ার আগে যে কয়েকটি রাইজারের জন্য রাস্তা খোঁড়া ছিল, এখন শুধু সেগুলোতে সংযোগ দেওয়া হবে।
এদিকে গত বছর রাজশাহীতে সংযোগ শুরুর এক মাসের বেশি সময় পরে ২৪ জুলাই ঠিকাদার নিয়োগের জন্য দরপত্র গ্রহণ করা হয়। রাজশাহীতে তিন হাজার রাইজার উত্তোলনের কাজ পায় আর এম কনস্ট্রাকশন নামের একটি প্রতিষ্ঠান। এই তিন হাজার রাইজার উত্তোলনের শেষ সময় ছিল ১৫ জুন। একদিকে শুরু করতেই দেরি হয়েছে, অন্যদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে রাইজার উত্তোলনের প্রয়োজনীয় উপকরণ পিজিসিএলের পক্ষ থেকে সরবরাহ করা সম্ভব হয়নি। ফলে বিশেষ বিবেচনায় পরে তারিখ বাড়িয়ে ২৬ জুন করা হয়। কিন্তু ২৬ জুনের মধ্যেও তিন হাজার রাইজার উত্তোলন করা সম্ভব হয়নি। পরে স্থানীয় সাংসদ ফজলে হোসেন বাদশার তদবিরে জুলাই মাসে কাজ করে আগের বছরের বরাদ্দ শেষ করার একটা সুযোগ তৈরি করা হয়েছিল। কিন্তু সিটি করপোরেশনের এই সিদ্ধান্তের কারণে তা আর করা সম্ভব হচ্ছে না। এ পর্যন্ত তারা প্রায় তিন হাজার ২০০ বাসায় সংযোগ দিতে পেরেছে।
কোম্পানির রাজশাহীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক তোফায়েল আহাম্মেদ বলেন, গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাঁরা সিটি করপোরেশনের চিঠি পেয়েছেন। তাতে বৃহস্পতিবার থেকেই রাস্তা খোঁড়া বন্ধ করতে বলা হয়েছে।
জানতে চাইলে রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক চিঠি দেওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষায় খোঁড়াখুঁড়ি করা হলে রাস্তার খুব ক্ষতি হয়। এ জন্য তাঁরা এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। বর্ষাকালে সড়ক না কাটার জন্য স্থানীয় সরকারেরও এ রকম একটি নির্দেশনা রয়েছে। এই সিদ্ধান্তের ফলে বরাদ্দ পাওয়া প্রায় ৮০০ গ্রাহকের গ্যাস-সংযোগ থেকে বঞ্চিত হওয়ার কথা শুনে তিনি বলেন, এই মুহূর্তে তাঁরা ওই বিষয় বিবেচনায় আনতে পারছেন না। তিনি বলেন, গ্যাস-সংযোগ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটা চলতেই থাকবে।
নির্ধারিত সময়ের মধ্যে মালামাল সরবরাহ করতে পারলে ২৬ জুনের মধ্যেই নির্ধারিত তিন হাজার রাইজার উত্তোলন করা সম্ভব হতো। এ ব্যাপারে জানতে চাইলে এর আগেই পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আলী হোসেন প্রথম আলোকে বলেছিলেন, গ্রাহকেরা বাদ পড়লেও আপাতত কিছু করার নেই। ভবিষ্যতে আবার হবে। তিনি বলেন, মন্ত্রণালয় অনুমোদিত সীমিত কয়েকটি প্রতিষ্ঠান এসব মালামাল তৈরি করে। এরই মধ্যে সরকার চার বছর আবাসিক গ্যাস-সংযোগ বন্ধ রেখেছিল। এখন একসঙ্গে সব কোম্পানির চাহিদা যাচ্ছে। তারা মালামাল সরবরাহ করে শেষ করতে পারছে না। সব কোম্পানিই সংকটে পড়েছে। মালামাল উৎপাদনের জন্য অনেক নতুন প্রতিষ্ঠান তালিকভুক্ত হতে চায়। তাদের আবার সুযোগ দেওয়া হয় না।