৮০০ পুলিশের অভিযানে ২০ বোতল ফেনসিডিল উদ্ধার
পুলিশের ৮০০ সদস্য গত শুক্রবার বিকেলে দুই ঘণ্টা অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিলসহ সামান্য কিছু মাদক উদ্ধার করেছেন। রাজধানীর ৩৩ কিলোমিটার রেলপথসহ আশপাশের রেলওয়ে স্টেশনের পাশে গড়ে ওঠা বস্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।মহানগর পুলিশ সূত্র জানায়, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় উত্তরা, গুলশান, তেজগাঁও, রমনা, ওয়ারী ও মতিঝিল বিভাগের ৮০০ পুলিশ সদস্য মাদক উদ্ধার ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে ৩৩ কিলোমিটার রেলপথ ও চারটি রেলস্টেশনের পাশে গড়ে ওঠা বস্তিতে একযোগে অভিযান চালান। এ সময় পুলিশ ১৮২ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেনসিডিল, ৬৮ লিটার মদ, সাত কেজি ৩৫০ গ্রাম ও এক হাজার ৭৭ পুরিয়া গাঁজা, ৩০০ ক্যান বিয়ার, ৩৬০টি পেথিডিন ইনজেকশন ও ১৪৪টি ইয়াবা বড়ি উদ্ধার করে। মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড কমিউনিটি সার্ভিসের অতিরিক্ত উপকমিশনার মো. ওয়ালিদ হোসেন বলেন, প্রথমবারের মতো নগরের সোয়া ৩৩ কিলোমিটার রেলপথসহ চারটি রেলওয়ে স্টেশনের পাশে গড়ে ওঠা বস্তিতে একযোগে এই মাদকবিরোধী অভিযান চালানো হয়।