
কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটার চর এলাকায় গতকাল মঙ্গলবার অবৈধ গ্যাসলাইনের প্রায় ৮০০ ফুট পাইপ অপসারণ ও সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস মেট্রো বিক্রয় বিভাগ জোন-৫। এতে ওই এলাকার প্রায় ছয় হাজার অবৈধ গ্রাহকের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এই অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রভাংশু সোম মহান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রো বিক্রয় বিভাগ-২-এর ডিজিএম প্রকৌশলী এ বি সিদ্দিক ও জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয় ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ।
এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে ঘাটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের কাছ থেকে ৫০০ ফুট দুই ইঞ্চি ও ৫০০ ফুট এক ইঞ্চি অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এতে ওই এলাকার ওয়াসপুর ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকার ৭০০ অবৈধ গ্রাহকের গ্যাস বিতরণ বন্ধ হয়ে যায়। এরপর দুপুর ১২টায় ঘাটার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট থেকে ৩০০ ফুট দুই ইঞ্চি অবৈধ পাইপলাইন অপসারণ করা হয়। এতে কেরানীগঞ্জ ও সাভারের প্রায় ১০ গ্রামের পাঁচ হাজার অবৈধ গ্রাহকের গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ ছাড়া ঘাটার চর এলাকার বেশ কয়েকটি বাড়ির অবৈধ গ্যাস-সংযোগের রাইজার ও রেগুলেটর খুলে নেওয়া হয়েছে।
এদিকে ঘাটার চর এলাকার একাধিক বাসিন্দা অভিযোগ করেন, তিতাসের কিছু অবৈধ কর্মকর্তা তাঁদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে এলাকায় গ্যাস-সংযোগ দিয়েছেন। কিন্তু এখন তাঁরাই সেই সংযোগ অবৈধ বলে অপসারণ করছেন।
ঘাটার চর এলাকার হাজী বাবুল মিয়ার বাড়ির ব্যবস্থাপক নাহার বেগম বলেন, ‘আমার বাড়ির মালিক প্রায় তিন মাস আগে গ্যাসের লোকদের কাছে ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। টাকা জমা দেওয়ার কয়েক দিনের মধ্যে গ্যাসের লোকজন এসে আমাদের সংযোগ দিয়ে যান। কিন্তু আজ তিতাসের লোকজন এসেই অবৈধ গ্যাস সংযোগ বলে আমাদের রাইজার ও রেগুলেটর খুলে নিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন।’
এ ব্যাপারে তিতাসের জোন-৫ জিনজিরা আঞ্চলিক বিক্রয় কার্যালয় ব্যবস্থাপক প্রকৌশলী সত্যজিৎ ঘোষ বলেন, সরকারের নির্দেশ মোতাবেক অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান শুরু হয়েছে। এটি চলমান প্রক্রিয়া, পর্যায়ক্রমে কেরানীগঞ্জের সব অবৈধ গ্যাস-সংযোগ বিচ্ছিন্ন করা হবে।