কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে লাগানো আছে দুই হাজারের বেশি সড়কবাতি। এর মধ্যে প্রায় ৮০০ বাতিই জ্বলে না। ফলে সন্ধ্যার পর শহরে নেমে আসে ভুতুড়ে পরিবেশ। তখন অন্ধকার গলিতে চুরি-ছিনতাইয়ের পাশাপাশি স্কুল-কলেজপড়ুয়া মেয়েরা ইভ টিজিংয়ের শিকার হচ্ছে।
গত রোববার রাতে শহরের বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, অসংখ্য সড়ক বাতি জ্বলছে না।
শহরের শহীদ মিনার এলাকা, গোলদীঘিরপাড়, স্টেডিয়াম এলাকা, বৈদ্যঘোনা, তারাবানিয়াছড়া, রুমালিয়ারছড়া, গাড়িরমাঠ, ঝাউতলা সড়কেরও একই অবস্থা। বিদ্যুৎ খুঁটিতে সড়কবাতি ঝুললেও অধিকাংশ বাতি নষ্ট।
তারাবনিয়াছড়ার ব্যবসায়ী সৈয়দ আহমদ (৫৫) বলেন, সন্ধ্যা নামলে প্রধান সড়কের দুই পাশে ছয়টি গলিতে ভুতুড়ে পরিবেশ বিরাজ করে।
বৃহত্তর পাহাড়তলী সমাজ কমিটির সভাপতি আবদুল হক (৫৫) বলেন, প্রধান সড়ক থেকে দক্ষিণ দিকে তিন কিলোমিটারের পাহাড়তলী রহমানিয়া মাদ্রাসা সড়কের অধিকাংশ বাতি নষ্ট। ফলে পাহাড়তলী, জিয়ানগর, হালিমাপাড়া, ইসলামপুর এলাকার অন্তত ২০টি পয়েন্টে বখাটদের উৎপাত চলে।
একই পরিস্থিতি কক্সবাজার কমার্স কলেজে যাতায়াতের উত্তর তারাবনিয়াছড়া ও উকিলপাড়া সড়কে। কমার্স কলেজ পরিচালনা পর্ষদের সদস্য শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর এই সড়কের কোথাও সড়কবাতি জ্বলে না।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ভুতুড়ে পরিবেশের কারণে চুরি-ছিনতাইসহ ইভ টিজিংয়ের ঘটনা বাড়ছে। ভ্রমণে আসা পর্যটকেরাও ভুতুড়ে শহরে অস্বস্তি বোধ করছেন।
পৌরসভার সড়কবাতি পরিদর্শক সামশেদ উল্লাহ চৌধুরী বলেন, পৌর এলাকা আলোকিত করার জন্য অলিগলিতে দুই হাজার ১০০ বাতি রয়েছে। বজ্রপাত ও বৃষ্টির কারণে কিছু বাতি নষ্ট রয়েছে।
কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর জানান, বর্তমানে ১২টি ওয়ার্ডে নষ্ট বাতির সংখ্যা প্রায় ৮০০টি।
মেয়র সরওয়ার কামাল বলেন, দরপত্র আহ্বানের মাধ্যমে নতুন বাতি লাগিয়ে ভুতুড়ে পরিবেশ দূর করার চেষ্টা চলছে।