৮০০ ভরি স্বর্ণালংকার লুট, হামলায় আহত ৫
রাজধানীর অদূরে সাভারের দক্ষিণপাড়া এলাকায় গত বুধবার রাতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৮০০ ভরি স্বর্ণালংকার ও আট লাখ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতেরা। এ সময় ডাকাতদের হামলায় পাঁচ ব্যক্তি আহত হন। ডাকাতির সঙ্গে জড়িত থাকার সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
এদিকে একই রাতে আশুলিয়ায় আরও দুই বাড়িতে ডাকাতি হয়েছে। অপর এক বাড়িতে ডাকাতির চেষ্টার সময় লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।
এলাকাবাসী ও ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাতটার দিকে সাভার মডেল থানা থেকে ১০০ গজ দূরে দক্ষিণপাড়ার স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ দাসের বাড়িতে একদল ডাকাত হানা দেয়। প্রদীপ দাস ও তাঁর ভাই দীপক দাস সপরিবারে ওই বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন। ডাকাতেরা বাড়ির কলবেল চাপলে বাড়ির গৃহকর্মী কল্পনা দরজা খুলে দেন। এ সময় ১২ থেকে ১৫ জন সশস্ত্র ডাকাত ঘরে প্রবেশ করে।
গৃহকর্মী কল্পনা জানান, ডাকাতেরা ঘরে ঢুকেই তাঁকে, প্রদীপ দাসের স্ত্রী বিজয়া দাস ও দীপক দাসের স্ত্রী পূর্ণিমা দাস, মেয়ে অন্তরা দাস, ছেলে সঞ্জয় দাস ও সৌমিত্র দাসসহ পুতুল ও বিপাশা নামের আরও দুই গৃহকর্মীর হাত-পা, চোখ-মুখ বেঁধে ফেলে। একপর্যায়ে পূর্ণিমা চিৎকার দিলে ডাকাতেরা তাঁকে ও আরও কয়েকজনকে রড দিয়ে আঘাত করে।
প্রদীপ দাস জানান, সন্ধ্যা সাতটার পর তিনি বাসায় ফিরে কলবেল টিপলে ডাকাতেরাই দরজা খুলে দেয়। ডাকাতেরা তাঁকেও বেঁধে ফেলে। কিছু পর তাঁর ভাই দীপক দাস বাসায় এলে ডাকাতেরা তাঁকে ঘরের ভেতর নিয়ে আটকে রাখে।
প্রদীপ দাস দাবি করেন, রাত ১০টা পর্যন্ত তাণ্ডব চালিয়ে ডাকাতেরা তিনটি সিন্দুক ও চারটি আলমারি ভেঙে ৮০০ ভরি স্বর্ণালংকার ও আট লাখ টাকা লুটে নিয়ে যায়। ৩০০ ভরি স্বর্ণালংকার তাঁর পরিবারের সদস্যদের। বাকি স্বর্ণালংকার তিনি ঋণের বিনিময়ে বন্ধক রেখেছিলেন। ডাকাতি হওয়া স্বর্ণালংকারের মূল্য প্রায় চার কোটি টাকা।
ডাকাতির ঘটনায় প্রদীপ দাস গতকাল স্থানীয় থানায় মামলা করেছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য রানা, সোহেল ও আনোয়ার নামের তিনজনকে আটক করেছে।
সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ডাকাতির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘প্রদীপ দাস চার কোটি টাকা মূল্যের স্বর্ণ লুট হওয়ার দাবি করলেও মামলার এজাহারে ৩০০ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার কথা উল্লেখ করেছেন। ডাকাতদের ধরতে পুলিশের একাধিক দল কাজ করছে।
এদিকে বুধবার গভীর রাতে আশুলিয়ার গাজীরচটে বসুন্ধরা আবাসিক এলাকার ঝুট ব্যবসায়ী মোবারক হোসেনের বাসা থেকে ডাকাতেরা তিন ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকা লুটে নেয়।
মোবারক হোসেনের স্ত্রী শেফালী আক্তার জানান, ডাকাতেরা তালা ভেঙে বাসার ভেতর প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে চলে যায়।
এই ডাকাতির কিছু পর একই এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিনের বাসাতেও হানা দিয়ে ডাকাতেরা দুই ভরি স্বর্ণালংকার ও ৪০ হাজার টাকা লুটে নেয়। এ ছাড়া, এ রাতেই ডাকাতেরা আশুলিয়ার ডেন্ডাবর এলাকার হানিফ মাস্টারের বাড়ির দরজা ভাঙার চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতেরা পালিয়ে যায়।