বরগুনার তালতলী উপজেলায় দুটি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় ৮০০ শিক্ষার্থীকে খোলা মাঠে পাঠদান করা হচ্ছে। এর মধ্যে একটি ভবনকে এক বছর আগে পরিত্যক্ত ঘোষণা করে উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়।সরেজমিনে উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা প্রাথমিক বিদ্যালয় ও কড়ইবাড়িয়া ইউনিয়নের আলীর বন্দর এএম মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খোলা মাঠে পাঠদানের বিষয়টি দেখা যায়। এ ছাড়া ভবন দুটিতে বেশ কয়েকটি ফাটলও দেখা যায়। ছাদের পলেস্তারা খসে পড়ার পাশাপাশি ভবনের পিলারগুলোও ক্ষয়ে গেছে। বৃষ্টি এলেই চুইয়ে পানি পড়ে বলে শিক্ষার্থীরা জানিয়েছে।বিদ্যালয় সূত্র জানায়, আমখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। ১৯৯২ সালে চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এখানে একটি একতলা ভবন নির্মাণ করে। কিন্তু নিম্নমানের কাজ হওয়ায় শুরু থেকেই ভবনটির ছাদ চুইয়ে পানি পড়তে থাকে। ২০০৮ সালে ৫০ হাজার টাকা ব্যয়ে নামমাত্র আংশিক মেরামত করা হলেও ভবনটি দ্রুত ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। গত বছরের জুলাইয়ে আমতলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন। এর পর থেকে প্রায় সাড়ে ৩০০ শিক্ষার্থীকে মাঠে বসিয়ে পাঠদান করা হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন বলেন, শিক্ষর্থীরা রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে বিদ্যালয়ের মাঠে ক্লাস করতে বাধ্য হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট বিভাগে বারবার তাগিদ দিয়েও কাজ হচ্ছে না। উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ চন্দ্র বলেন, নতুন একটি বিদ্যালয় ভবন ও আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য এলজিইডির কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।এদিকে ১৯৭২ সালে আলীর বন্দর মাধ্যমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ২০০০ সালে এখানে তিন কক্ষবিশিষ্ট একটি একতলা ভবন নির্মাণ করে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সেটির দেয়ালে ফাটল এবং ছাদের বিভিন্ন অংশে পলেস্তারা খসে রড বের হয়ে গেছে। ফলে এই ভবনে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন পাঠদান চললেও কয়েক দিন ধরে আতঙ্কের কারণে শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে অস্বীকৃতি জানায়। ফলে ৪৫৫ জন শিক্ষার্থীকে বিদ্যালয়ের খোলা মাঠে পাঠদান করা হচ্ছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন জানান, ভবন মেরামত ও নতুন ভবন নির্মাণের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো পক্ষ থেকেই সাড়া পাওয়া যাচ্ছে না। যেকোনো সময় ভবন ধসে দুর্ঘটনা ঘটতে পারে বলে তিনি জানান।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, ‘বিদ্যালয়ের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। নতুন ভবন নির্মাণ ও মেরামতের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আমরা সুপারিশ করেছি। প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সেখানে অল্প সময়ের মধ্যে নতুন ভবন নির্মাণ করা যাচ্ছে না।’