ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি ভাঙচুরের ঘটনায় গত বুধবার রাতে মামলা করা হয়েছে। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৭০০-৮০০ অজ্ঞাতনামা শিক্ষার্থীকে আসামি করা হয়েছে।একই রাতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সোহেল রাজ নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর জখম হয়েছেন। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।গত বুধবার বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দুই শতাধিক বাস ভাঙচুর করেন।ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, গাড়ি ভাঙচুর, যাত্রীদের মারধর, সরকারি কাজে বাধা ও পুলিশের গাড়ি ভাঙচুর করায় ওই মামলা হয়েছে।দুর্বৃত্তদের হামলার শিকার সোহেল রাজ গতকাল বৃহস্পতিবার হাসপাতাল থেকে মুঠোফোনে প্রথম আলোকে জানান, তিনি ভালুকা উপজেলার পৌর এলাকার একটি মেসে থাকেন। বুধবার রাত সাড়ে আটটার দিকে মুখোশ পরা ছয়-সাতজন দুর্বৃত্তের একটি দল মেসে ঢুকে অস্ত্রের মুখে তাঁর চোখ কালো কাপড়ে বেঁধে তাঁকে মাইক্রোবাসে ওঠায়। পরে একটি নির্জন মাঠে গাড়ি থেকে নামিয়ে ক্ষুরজাতীয় অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেয়। এ সময় দুর্বৃত্তরা বলছিল, ‘নেতা হয়ে গেছিস। আন্দোলন করিস। তোর আন্দোলন ছুটিয়ে দেব।’ রাজ আরও জানান, একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। উপজেলার রাগামারা এলাকার লোকজন জানান, রাজকে উদ্ধার করে তাঁরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহন, বিদ্যুৎ ও শ্রেণীকক্ষের সংকট নিরসনসহ পাঁচ দফা দাবি আদায়ে কয়েক দিন আগে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করেন। এ আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজ বেশ পরিচিতি লাভ করেন।