৮০৩ জনকে অভিযোগ শোনানো শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিলখানা হত্যাযজ্ঞ মামলায় গতকাল সোমবার আরও ৪৬৩ জন আসামির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়েছে। এ নিয়ে মামলার ৮৪৮ হন আসামির মধ্যে তিন দিনে ৮০৩ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো শেষ হলো। পরে বিশেষ আদালতের কার্যক্রম ২৩ মে পর্যন্ত মুলতবি করা হয়।পিলখানা হত্যাযজ্ঞ ও লুটপাটের মামলার বিচারকাজ চলছে ঢাকা আলিয়া মাদ্রাসা ও কেন্দ্রীয় কারাগারসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ আদালতে। গতকাল আদালতের কার্যক্রম শুরু হয় সকাল পৌনে ১০টায়। বিশেষ আদালতের বিচারক মহানগর দায়রা জজ জহুরুল হক এজলাসে আসার আগেই বিভিন্ন কারাগার থেকে আসামিদের কড়া পাহারায় আদালতে হাজির করা হয়। আদালতের চারদিকে ছিল পুলিশের কড়া পাহারা। বেলা ১১টা ৫০ মিনিটে লোডশেডিংয়ের কারণে আদালতের কার্যক্রমে বিরতি দেওয়া হয়। প্রায় ২০ মিনিট পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে আবার কার্যক্রম শুরু হয়। পরে প্রচণ্ড গরমের কারণে আদালত মুলতবি করা হয়।আদালতের কার্যক্রম শুরু হলে আসামিদের বিরুদ্ধে অভিযোগ পড়তে শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ বাহারুল ইসলাম। তিনি আদালতকে বলেন, আসামিরা পিলখানার অস্ত্রাগার ও গোলাবারুদ ভান্ডার লুট করেন। বেআইনিভাবে বিডিআরে কর্মরত কর্মকর্তাদের আটক করেন। তাঁদের হত্যা ও লাশ গুম করেন। কর্মকর্তাদের বাসায় ঢুকে স্বর্ণালংকারসহ মূল্যবান সম্পদ লুট করেন। আসামিদের অনেকে কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে তাঁদের দাবি-দাওয়া আদায়ের নামে রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁদের সঙ্গে বৈঠকও করেন। বিডিআরের মতো বাহিনীর সদস্যরা এটা করতে পারেন না।এর আগে গত ১২ এপ্রিল অভিযোগ গঠনের প্রথম দিনে বিডিআরের ডিএডি তৌহিদুল আলম ও বিএনপির সাবেক সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টুসহ ৮০ জনের এবং ২৬ এপ্রিল ২৬০ জনের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনানো হয়।বিডিআরে বিদ্রোহের ঘটনায় হত্যা, লুটপাট, ধর্ষণসহ ফৌজদারি অপরাধের অভিযোগে করা মামলায় ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় সিআইডি। পরে সম্পূরক অভিযোগপত্রে আরও ২৬ জনের নাম আসে। আসামিদের মধ্যে ডিএডি রহিম ও ২৪ রাইফেলস ব্যাটালিয়নের নায়েক জয়নাল আবেদিন এ মামলার কার্যক্রম শুরুর আগেই কারাবন্দী অবস্থায় মারা যান। মৃত্যুজনিত কারণে মামলা থেকে তাঁদের দুজনকে অব্যাহতি দেন আদালত। আসামিদের মধ্যে বিডিআরের বিভিন্ন বিভাগে কর্মরত বেসামরিক ব্যক্তি রয়েছেন ৪০ জন।